রাজধানীর বাড্ডার আফতাবনগরে নির্মাণাধীন ভবনে স্যানিটারি কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহাম (১৫) নামে এক কিশোর নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আফতাবনগরের এফ ব্লকের একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দুপুর ১২টা ৫ মিনিটে মৃত ঘোষণা করেন।
নিহাম চাঁদপুর সদর উপজেলার উত্তর নানুপুর মিয়াজি বাড়ি গ্রামের চান মিয়া গাজীর ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে আফতাবনগর এফ ব্লকের পাসপোর্ট অফিসের পাশে থাকত সে। দুই ভাইয়ের মধ্যে নিহাম ছিল ছোট।
নিহামের সহকর্মী আলামিন বলেন, আমরা ভবনের অষ্টম তলায় স্যানিটারি কাজ করছিলাম। এ সময় আমি নিচে গিয়েছিলাম। ফিরে এসে দেখি কয়েকজন মিলে তাকে নিচে নামিয়ে আনছেন। তারা জানান, সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহাম অচেতন হয়ে পড়ে। পরে আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।





