মালয়েশিয়ায় সাড়ে আট মাসে ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশনস) লোকমান এফেন্দি রামলি বলেছেন, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী পরিচালিত ৯ হাজার ৭০০টি অভিযানে ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। খবর দ্য নিউ স্ট্রেইটস টাইমস’র।

তিনি বলেন, বিভিন্ন অপরাধে এসব অবৈধ অভিবাসীকে আটক করা হয়। একই সময়ে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর অধীনে বিভিন্ন বিধি লঙ্ঘনের অভিযোগে ১ হাজার ৭২০ জন নিয়োগকর্তার বিরুদ্ধেও মামলা করা হয়েছে।

তিনি বলেন, সমষ্টিগতভাবে হিসাব করলে, ইমিগ্রেশন বিভাগ প্রতি দুই ঘণ্টায় তিনটি অভিযান পরিচালনা করেছে। আমি সবাইকে আবারও মনে করিয়ে দিতে চাই যে, মামলা শুধু বিদেশিদের বিরুদ্ধে সীমাবদ্ধ নয়; যারা বিধি ও আইন লঙ্ঘন করেন, সেই নিয়োগকর্তাদের বিরুদ্ধেও মামলা করা হয়।

লোকমান এফেন্দি বলেন, যাদের কাছে তথ্য রয়েছে বা যারা বিদেশি নাগরিকদের উপস্থিতি সম্পর্কে অবগত, তাদেরও আমি আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে তথ্য দেয়ার কথা মনে করিয়ে দিতে চাই। নিজেরা কোনো পদক্ষেপ নেবেন না। আমাদের সম্পূর্ণ তথ্য দিন, যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে।

সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে শ্রী কলাম ফ্ল্যাটসে সমন্বিত ‘অপ মেগা’ অভিযান শেষে তিনি এ কথা বলেন।

লোকমান এফেন্দি বলেন, তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগ জাতীয় নিরাপত্তা কাউন্সিল (এনএসসি) এবং তেরেঙ্গানুর সিভিল ডিফেন্স ফোর্সের (সিডিএফ) সহযোগিতায় আজ ‘অপ মেগা’ অভিযানের আওতায় ১৩৩ জন বিদেশী নাগরিককে তল্লাশি করে এবং ১৯ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে।

তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের মধ্যে একজন বাংলাদেশী পুরুষ, ১৪ জন মিয়ানমারের নাগরিক এবং চারজন ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। তাদের বয়স এক মাস থেকে ৫০ বছরের মধ্যে।

লোকমান এফেন্দি বলেন, জানা গেছে, এক মাস বয়সী শিশুটির মাকে নিয়ে মোট সাতজন মিয়ানমারের নারী তাদের স্বামীদের সঙ্গে থাকার জন্য অননুমোদিত এজেন্টের মাধ্যমে সম্প্রতি দেশে প্রবেশ করেছেন। তাদের স্বামীরা ইতোমধ্যে এখানে অবস্থান করছেন।