জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা ইস্যুতে যা বললেন ড. খলিলুর রহমান

জাতিগত দাঙ্গার শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সংকটকে একটি ‘গুরুতর মানবিক সংকট’ হিসেবে বর্ণনা করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

তিনি মনে করেন, এ সংকটের সমাধান সহিংসতার মাধ্যমে সম্ভব নয়; বরং আলোচনা, সমঝোতা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর একসঙ্গে কাজ করার মাধ্যমেই দীর্ঘমেয়াদি সমাধানের পথ তৈরি হতে পারে।

সম্প্রতি জাতিসংঘের সংবাদমাধ্যম ইউএন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রোহিঙ্গা সংকট নিয়ে নিজের অভিজ্ঞতা ও উপলব্ধি তুলে ধরেন ড. খলিলুর রহমান।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেওয়ার পর তাঁর এক বছরের অগ্রাধিকারের অন্যতম বিষয় হলো আন্তর্জাতিক সংস্থাটির প্রতি আস্থা পুনরুদ্ধার। রোহিঙ্গা সংকট থেকে পাওয়া শিক্ষাকেও তিনি এই বৃহত্তর কূটনৈতিক দৃষ্টিভঙ্গির সঙ্গে যুক্ত করেছেন।

জাতিসংঘের প্রতি আস্থা পুনরুদ্ধারের বিষয়ে ড. খলিলুর রহমান বলেন, শান্তি ও নিরাপত্তা, উন্নয়ন এবং মানবাধিকার এই তিনটি ক্ষেত্রে কাজ করতে হবে। এটি একটি বড় চ্যালেঞ্জ এবং এর জন্য সব সদস্য রাষ্ট্র ও সংশ্লিষ্ট পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, গত আট দশকে বিশ্ব বড় ধরনের বৈশ্বিক যুদ্ধ এড়াতে পারলেও বহু সংঘাত প্রতিরোধ করা সম্ভব হয়নি এবং উন্নয়নের অগ্রগতিও অনেক ক্ষেত্রে ধীর হয়েছে। নিরাপত্তা পরিষদ যাতে আরও সমন্বিতভাবে কাজ করতে পারে এবং প্রত্যাশিত ফল দিতে পারে, সে জন্য আরও কঠোরভাবে কাজ করতে হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে বর্তমান বিশ্বের বড় পরিবর্তনের উদাহরণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এআই মানুষের কর্মকাণ্ড ও সক্ষমতাকে দ্রুত এগিয়ে নেওয়ার বড় মাধ্যম হতে পারে। তবে এটি মানবজাতির জন্য গুরুতর ঝুঁকিও তৈরি করতে পারে।

তাঁর মতে, উদ্ভাবনের গতি কমানো উচিত নয়। একই সঙ্গে এমন সুরক্ষা ব্যবস্থা বা ‘গার্ডরেল’ তৈরি করা জরুরি, যাতে প্রযুক্তিগত অগ্রগতি মানবতার কাজে আসে, মানবতার বিরুদ্ধে না যায়। এ আলোচনায় প্রযুক্তি তৈরি ও ব্যবহারকারীসহ সংশ্লিষ্ট সব পক্ষকে যুক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের ভূমিকা প্রসঙ্গে ড. খলিলুর রহমান বলেন, সাধারণ পরিষদের সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বের সব দেশকে একত্র করার ক্ষমতা। এমন আর কোনো জায়গা নেই যেখানে পুরো বিশ্বের প্রতিনিধিত্বকারী একটি সংস্থা এভাবে সবাইকে একত্র করতে পারে।

তিনি বলেন, কূটনীতি সব সময় প্রকাশ্যে হয় না। সাধারণ পরিষদ রাষ্ট্র ও সরকারপ্রধানদের এমন একটি নিরাপদ পরিবেশ দেয়, যেখানে তারা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একসঙ্গে আলোচনা করতে এবং সমাধানের পথ খুঁজতে পারেন।

রোহিঙ্গা সংকটের অভিজ্ঞতা সম্পর্কে ড. খলিলুর রহমান বলেন, ‘এটি একটি অত্যন্ত গুরুতর মানবিক সংকট। একটি জনগোষ্ঠীকে আক্রমণ করা হয়েছে, তাদের বাড়িঘর বোমা হামলায় ধ্বংস করা হয়েছে, গ্রামগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে এবং তাদের নিজেদের দেশের মানুষের হাতেই তারা ঘরবাড়ি থেকে বিতাড়িত হয়েছে।’

তবে একই সঙ্গে রোহিঙ্গাদের সহনশীলতা, টিকে থাকার সক্ষমতা এবং বাড়ি ফিরে যাওয়ার গভীর আকাঙ্ক্ষা দেখেছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, জাতিসংঘ মহাসচিব গত বছর কক্সবাজার সফরের সময় রমজানের এক সন্ধ্যায় এক লাখেরও বেশি শরণার্থী তাঁর সঙ্গে ইফতার করতে জড়ো হয়েছিলেন। তাদের প্রত্যেকের হাতে ছিল একটি করে প্ল্যাকার্ড, যেখানে লেখা ছিল ‘আমরা বাড়ি ফিরতে চাই।’

এ সংকট থেকে পাওয়া শিক্ষা তুলে ধরে তিনি বলেন, সহিংসতা কোনো সমস্যার সমাধান করবে না। এটি শুধু সমস্যাকে পিছিয়ে দেবে এবং পরিস্থিতিকে আরও খারাপ করে তুলবে। শুধু আলোচনা ও সমঝোতার মাধ্যমে এবং সবাইকে একত্র করে কাজ করার মাধ্যমেই এসব সমস্যার সমাধান করা সম্ভব।

নিজের সভাপতিত্বের মেয়াদ শেষে কী অর্জন দেখতে চান এমন প্রশ্নের জবাবে ড. খলিলুর রহমান বলেন, সদস্য রাষ্ট্রগুলোকে জাতিসংঘের প্রয়োজনীয় সংস্কারে একমত হতে সাহায্য করা, সংস্থাটিকে আর্থিকভাবে স্থিতিশীল রাখার বিষয়ে ঐকমত্যে পৌঁছানো এবং স্থানীয় পর্যায়ে কার্যক্রম ও সেবা পৌঁছানোর গতি বাড়ানোর ক্ষেত্রে অগ্রগতি হলে তিনি সন্তুষ্ট হবেন।