জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো শর্ত নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলনকক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের বিভিন্ন অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বৈশ্বিক বৈষম্য এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে বেশ কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক এবং একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী—জানান ডা. জাহেদ উর রহমান। জাতিসংঘ মহাসচিবের আয়োজিত প্রার্থনা অনুষ্ঠানেও তিনি যোগ দেবেন। এছাড়া মার্কিন প্রেসিডেন্টের দেওয়া রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মীদের সম্মানে আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি।
প্রধানমন্ত্রীর ২৩ সেপ্টেম্বরের কর্মসূচি তুলে ধরে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, ওই দিন বিভিন্ন দাতব্য ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। পরে ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, নরওয়ে ও স্পেনের উদ্যোগে আয়োজিত বৈশ্বিক বৈষম্য মোকাবিলাবিষয়ক একটি উচ্চপর্যায়ের সভায় বক্তব্য রাখবেন তিনি।
একই দিনে জাতিসংঘ মহাসচিবের উদ্যোগে আয়োজিত ‘ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দ্য জাস্ট ট্রানজিশন’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।
সফরের গুরুত্বপূর্ণ এজেন্ডাগুলোর মধ্যে রোহিঙ্গা সংকট বিশেষ গুরুত্ব পাচ্ছে বলে জানান ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ২৩ সেপ্টেম্বর রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত একটি সাইড ইভেন্টে প্রধানমন্ত্রী অংশ নেবেন। সেখানে মিয়ানমারে বসবাসকারী রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা চাওয়া হবে।
তথ্য উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন সংকটের কারণে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মনোযোগ আগের তুলনায় কিছুটা কমেছে। দীর্ঘ সময় ধরে বাংলাদেশে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ায় দেশের ওপর অর্থনৈতিক চাপও বাড়ছে। পাশাপাশি দীর্ঘস্থায়ী এই সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তার ক্ষেত্রেও বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।
জাতিসংঘের অধিবেশনে প্রধানমন্ত্রী এসব বিষয় তুলে ধরে রোহিঙ্গা সংকটের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের নতুন করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবেন বলে জানান ডা. জাহেদ উর রহমান।





