স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের সময় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার পর ঢাকার শাহআলী থানার ওসির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে জাহাঙ্গীর আলমকে।
রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ ওসি জাহাঙ্গীরকে প্রত্যাহারের আদেশ দেন।
পরিদর্শক জাহাঙ্গীরকে পুলিশ সদর দপ্তর ও কেন্দ্রীয় প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে। আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে গতকাল রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শনের সময় ডিএমপি কমিশনার বলেছিলেন, ভাঙচুর ঠেকাতে পুলিশের কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
গত বৃহস্পতিবার মধ্যরাতে ভাংচুর করা হয় বেসরকারি এই স্বাস্থ্যকেন্দ্রটি। গতকাল সেখানে গুঁড়িয়ে দেওয়া ভবনের সামনে ত্রিপল টানিয়ে চলে হামের টিকাদান।
হামলার ঘটনায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক নাসরিন আখতার শাহ আলী থানায় মামলা করেছেন। সেই মামলায় ১৩ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
অভিযোগ উঠেছে, হামলার সময় পুলিশ উপস্থিত থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি।
এনিয়ে প্রশ্নে ডিএমপি কমিশনার বলেছিলেন, এ ধরনের ঘটনা প্রতিহত করা পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে। পুলিশের কোনো অবহেলা ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এই ঘটনা তদন্তে ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনারকে (ডিসি) প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।





