বাংলাদেশে ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি আবারও আলোচনায় এসেছে। তার আইনি পরামর্শকদের পক্ষ থেকে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত তথ্য চেয়ে আবেদন করার পর নতুন করে সামনে এসেছে বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি।
এর আগে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারও শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে অনুরোধ জানিয়েছিল। তবে ভারত বরাবরই বিষয়টি আইনি প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত বলে উল্লেখ করে আসছে।
গত মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন ও বিচারের সঙ্গে সম্পর্কিত। আইন অনুযায়ী এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
প্রত্যর্পণ কী?
প্রত্যর্পণ হলো এক দেশের আশ্রয়ে থাকা অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিকে অপরাধের বিচার কিংবা সাজা কার্যকরের জন্য অন্য দেশের কাছে হস্তান্তর করার আইনি প্রক্রিয়া।
বাংলাদেশে ১৯৭৪ সালের ‘বন্দি প্রত্যর্পণ আইন’ রয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয় ২০১৩ সালের জানুয়ারিতে। এই চুক্তির আওতায় বাংলাদেশ অনুপ চেটিয়াকে এবং ভারত নারায়ণগঞ্জের সাত খুনের মামলার আসামি নূর হোসেনকে হস্তান্তর করেছিল।
২০১৬ সালে চুক্তির একটি ধারা সংশোধন করা হয়। এর ফলে প্রত্যর্পণের অনুরোধের ক্ষেত্রে অভিযোগের পক্ষে বিস্তারিত সাক্ষ্যপ্রমাণ জমা দেওয়ার বাধ্যবাধকতা শিথিল হয়। সংশ্লিষ্ট আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেও বৈধ অনুরোধ জানানো সম্ভব হয়।
চুক্তিতে কী আছে?
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত চুক্তির দ্বিতীয় অনুচ্ছেদ অনুযায়ী, উভয় দেশের আইনে কমপক্ষে এক বছর কারাদণ্ডযোগ্য অপরাধ প্রত্যর্পণযোগ্য হিসেবে বিবেচিত হবে। কর, রাজস্ব ও আর্থিক অপরাধও এর আওতায় পড়তে পারে।
এ ছাড়া কোনো অপরাধ সংঘটনের চেষ্টা, এতে সহায়তা, প্ররোচনা বা সহযোগী হিসেবে অংশগ্রহণের ক্ষেত্রেও প্রত্যর্পণ করা যেতে পারে।
চুক্তির তৃতীয় অনুচ্ছেদে বলা হয়েছে, অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রমের পুরোটা বা অংশবিশেষ অনুরোধ গ্রহণকারী রাষ্ট্রের ভূখণ্ডে সংঘটিত হলেও নির্দিষ্ট শর্তে প্রত্যর্পণ সম্ভব।
রাজনৈতিক অপরাধ হলে কী হবে?
চুক্তির ষষ্ঠ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো অপরাধ রাজনৈতিক চরিত্রের হলে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করা যেতে পারে। শেখ হাসিনার সমর্থকদের অনেকে এই ধারার কথা উল্লেখ করে তাঁর প্রত্যর্পণ সম্ভব নয় বলে দাবি করছেন।
তবে চুক্তিতে হত্যা, অপরাধমূলক নরহত্যা, বিস্ফোরণ, অপহরণ, জিম্মি করা এবং আগ্নেয়াস্ত্র ব্যবহারসহ বেশ কিছু অপরাধকে রাজনৈতিক চরিত্রের অপরাধের ব্যতিক্রম হিসেবে উল্লেখ করা হয়েছে। এসব অপরাধের ক্ষেত্রে রাজনৈতিক অপরাধের অজুহাতে প্রত্যর্পণ এড়ানোর সুযোগ সীমিত।
কোন কারণে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যায়?
চুক্তির অষ্টম অনুচ্ছেদে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের কয়েকটি কারণ উল্লেখ রয়েছে।
এতে বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রত্যর্পণ করা অন্যায় বা নিপীড়নমূলক হবে বলে প্রমাণিত হলে অনুরোধ প্রত্যাখ্যান করা যেতে পারে। একইভাবে অভিযোগের অপরাধ তুচ্ছ বা লঘু হলে, দীর্ঘ সময় অতিবাহিত হলে কিংবা অভিযোগটি ন্যায়বিচারের স্বার্থে করা হয়নি বলে বিবেচিত হলে প্রত্যর্পণ না করার সুযোগ রয়েছে।
উল্লেখ্য, গত বছর নভেম্বরে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে ‘পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেছিলেন।
বাংলাদেশের বর্তমান সরকারও প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনার কথা বলছে। অন্যদিকে ভারত বিষয়টি আইনি প্রক্রিয়ায় বিবেচনার কথা জানাচ্ছে। ফলে শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে চুক্তির কোন ধারা কীভাবে প্রয়োগ করা হবে, সেটিই এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন।
তথ্যসূত্র: বিবিসি





