ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি হলেন ড. আব্দুস সালাম

জামালপুরের ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও তথ্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুস সালাম।

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ৩১(১) ধারা অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-২ শাখা থেকে গত ২৩ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর মেয়াদে ড. আব্দুস সালাম ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় তার নিয়োগ বাতিল করতে পারবেন।

নিয়োগপ্রাপ্ত ভিসি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত বেতন-ভাতা এবং পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। একই সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী তাকে দায়িত্ব পালন করতে হবে।