প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর ডেপুটি চিফ অব আর্মি মেজর জেনারেল ক্রিস স্মিথ।
রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সামরিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
সাক্ষাৎকালে দুই দেশের স্থলবাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক প্রশিক্ষণ কর্মসূচি, সামরিক শিক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতা এবং কৌশলগত যোগাযোগ জোরদারের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আধুনিক যুদ্ধক্ষেত্রের পরিবর্তিত বাস্তবতায় উন্নত প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং অভিজ্ঞতা বিনিময়ে পারস্পরিক অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ একমত হন।
মেজর জেনারেল ক্রিস স্মিথ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্রবাহিনীর পেশাদারিত্ব, দক্ষতা ও গৌরবোজ্জ্বল অবদানের উচ্চ প্রশংসা করেন। তিনি বলেন, বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় শান্তিরক্ষীদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার অংশীদারিত্ব আরও শক্তিশালী করার যথেষ্ট সুযোগ রয়েছে।
প্রতিরক্ষা উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলাম বিগত বছরগুলোতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সামরিক সহযোগিতার ইতিবাচক অগ্রগতির কথা উল্লেখ করে অস্ট্রেলিয়ার ডেপুটি চিফ অব আর্মিকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, এ সফর বাংলাদেশ সশস্ত্রবাহিনী ও অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর মধ্যকার পেশাগত সম্পর্ককে আরও নিবিড়, গতিশীল ও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৈঠকটি দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণ এবং ভবিষ্যৎ যৌথ উদ্যোগের সম্ভাবনা জোরদারে ইতিবাচক বার্তা বহন করে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।





