মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে শিষ্যদের সতর্ক করলেন সালাহউদ্দিন

এশিয়ান গেমসে কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হওয়ার আগে শিষ্যদের সতর্ক করে দিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। তিনি প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার মানসিকতা পরিহারের পাশাপাশি আত্মতুষ্টিতে না ভুগতে আহ্বান জানিয়েছে।

ক্রিকেট মাঠে পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচটিও বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। একই কারণে এর আগে চীনের বিপক্ষে বাংলাদেশ নারী ক্রিকেট দলের উদ্বোধনী ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ম্যাচের দিন বৃষ্টি না হলেও পানি নিষ্কাশন ব্যবস্থার ত্রুটির কারণে খেলা ব্যাহত হতে পারে। কারণ মাঠের একটি অংশ নরম বা কাদাটে হয়ে থাকে। ফলে উইকেট অক্ষত থাকলেও সেখানে খেলা সম্ভব হয় না। তবে সালাহউদ্দিন জোর দিয়ে বলেছেন, এসব বিষয় নিয়ে ভেবে মনোযোগ নষ্ট করা যাবে না।

রবিবার (২৭ সেপ্টেম্বর) জাপানে সাংবাদিকদের সালাহউদ্দিন বলেন, ম্যাচটি অনুষ্ঠিত হলে আমি খুব খুশি হব। কারণ পাঁচ-সাত দিন বিরতির পর হঠাৎ ম্যাচ খেলা বেশ কঠিন হয়ে পড়ে। তাই আমাদের জন্য প্রথম ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে অনুশীলনের খুব একটা সুযোগ নেই। ম্যাচ খেলতে পারলে তবেই বোঝা যাবে দলের প্রকৃত অবস্থা কী।

তিনি আরও বলেন, দল সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে, আমার মনে হয় ভালো একটি ম্যাচ হবে। মালয়েশিয়া সম্পর্কে আমার সবকিছুই জানা আছে কারণ আমি সেখানে দীর্ঘদিন কাজ করেছি; তাদের ব্যাপারে আমাদের অনেক কিছুই জানা।

তিনি যোগ করেন, এ ধরনের টুর্নামেন্টে অঘটন ঘটতে পারে। কারণ একই উইকেটে বারবার খেলা হয়, তাই অনেক সময় টস একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। টাইগারদের এই কোচ বলেন,আমরা জানি মাঠে ভালো খেলে জিততে হবে এবং সেই অনুযায়ী আমরা মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি। প্রতিপক্ষকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়। এটি একটি চাপের ম্যাচও বটে, কারণ এটি নকআউট পর্ব। নকআউট পর্বে সবসময়ই চাপ থাকে। তাই এই ম্যাচটি নিয়ে আমাদের গুরুত্বের সাথে ভাবা উচিত; পরের ম্যাচের কথা পরে ভাবা যাবে। দলের সাফল্যের জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান মোহাম্মদ সালাহউদ্দিন।