অনুকূল পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যেতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পরে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরের বিষয়ে তিনি বলেন, কোনো এক পর্যায়ে, যখন সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে, তখন সফর হতে পারে। আমরা এ বিষয়ে ইতিবাচক। কিছু চ্যালেঞ্জ আছে। আলোচনার মাধ্যমে আমরা সেগুলো সমাধানের চেষ্টা করছি। ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে আমাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরের সময় বা তারিখ নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, পারস্পরিকভাবে অনুকূল একটি জায়গায় পৌঁছানোর পরই সফরের সময় ও তারিখ নিয়ে আলোচনা হবে।
নভেম্বরে সফর হতে পারে এমন গুঞ্জনের বিষয়ে তিনি বলেন, আলোচনা চলছে। গুঞ্জন নিয়ে আমি কথা বলি না, আমি বাস্তবতা নিয়ে কথা বলি। বাস্তবতা হচ্ছে, আজ আমাদের খুব ভালো বৈঠক হয়েছে। আমি খুবই আশাবাদী যে খুব শিগগিরই ইতিবাচক ফলাফল আসতে পারে।
প্রতিমন্ত্রী বলেন, নতুন দায়িত্ব পাওয়ার পর ভারতের হাইকমিশনারের সঙ্গে এটি প্রথম সৌজন্য সাক্ষাৎ। বৈঠকে খুব ভালো, আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। অবশ্যই কিছু চ্যালেঞ্জ আছে। এসব চ্যালেঞ্জ আমরা সংলাপ ও আলোচনার মাধ্যমে অতিক্রম করব। আমরা আশাবাদী, এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব।





