ইংল্যান্ড সফরে ম্যাচ বাড়ানোর প্রস্তাব বিসিবির

দীর্ঘ বিরতির পর কদিন আগে অস্ট্রেলিয়া সফর করেছে বাংলাদেশ। ঐতিহাসিক টেস্ট জয়ে সফরটি স্মরণীয় করে রেখেছে টাইগাররা। আগামী বছর ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে একটি টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের।

নতুন খবর হচ্ছে, লর্ডস টেস্টের পাশাপাশি ঐ সফরে আরও কিছু ম্যাচ বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ম্যাচ সংখ্যা বাড়লেও সেটি সীমিত ওভারের কোনো সিরিজ হওয়ার সম্ভাবনাই বেশি। যদিও আনুষ্ঠানিক ঘোষণার আগে কোনো কিছুই ‘নিশ্চিত নয়’।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস বললেন,’ইংল্যান্ডের সাথে আমাদের আলোচনা অব্যাহত রয়েছে। ইংল্যান্ড এরই মাঝে ওদের হোম সূচি প্রকাশ করেছে। একটা টেস্টই আছে। তাদের সাথে যে আলোচনা করেছি- শুধু একটা টেস্ট খেলতে যদি যাই, আরও কিছু যদি যুক্ত হয় সফরটি স্মরণীয় হয়ে থাকবে।’

বিসিবির এই প্রস্তাবে ইতিবাচক ইসিবিও, ‘ইংল্যান্ড এ ব্যাপারে সাপোর্টিভ, খুব ইতিবাচকভাবে এ নিয়ে আলোচনা করছে। যতক্ষণ না চূড়ান্ত হয়, তার আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ইসিবির সাথে আমাদের বেশ ইতিবাচক আলোচনা হচ্ছে। আশা করি এই সফর শুধু একটি টেস্টে সীমাবদ্ধ থাকবে না।’