আন্দোলনের নামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা

রাজধানীর মিরপুর, গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের চলমান কর্মসূচির সুযোগ নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরূদ্ধে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার প্রমাণ মিলেছে।

বিভিন্ন সংগঠনের বক্তব্য, পুলিশের তদন্ত ও গ্রেফতার-সংক্রান্ত তথ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্ট, ভিডিও এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্টের অনুসন্ধানে আন্দোলনকে ঘিরে সহিংসতা ও অপতথ্য ছড়ানোর নানা তথ্য-প্রমাণ পাওয়া গেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও গোয়েন্দা (ডিবি) পুলিশ জানিয়েছে, মিরপুর, গাজীপুর ও আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় শ্রমিক আন্দোলনের আড়ালে পুলিশের ওপর হামলা, গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের অনেকেই স্থানীয় পোশাক শ্রমিক নন, বরং বিভিন্ন জেলা থেকে এসে আন্দোলনে অনুপ্রবেশ করেছে বলে জানায় পুলিশ।

এ প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বাসসকে বলেন, দেশে চলমান শ্রমিক আন্দোলনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর অংশগ্রহণের প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় ইতোমধ্যে আওয়ামী লীগের বেশকিছু নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, নাশকতামূলক কর্মকাণ্ডের ছবি ও ভিডিও পাঠানোর পর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। গ্রেফতার ব্যক্তিদের মোবাইল ফোনে ২০ থেকে ২৫টি অনলাইন গ্রুপের সন্ধান পাওয়ার কথাও গোয়েন্দারা জানিয়েছে। এসব গ্রুপে ছবি, ভিডিও ও অবস্থানের তথ্য আদান-প্রদান হতো। কয়েকজনের মোবাইলে অগ্নিসংযোগের ভিডিও পাওয়া গেছে বলে পুলিশ জানায়।

শ্রমিক আন্দোলনে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার কথা স্বীকার করা ‘বাংলাদেশ ছাত্রলীগ’ নামের একটি ফেসবুক গ্রুপে পোস্ট শনাক্ত করেছে পিআইবি’র ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্টের তথ্য অনুযায়ী, গত ১ নভেম্বর ওই গ্রুপে একটি আইডি থেকে অগ্নিসংযোগের দায় স্বীকার করে দুটি পোস্ট দেওয়া হয়। আইডিটির প্রকৃত নাম রাজীব চন্দ্র দাস বলে নিশ্চিত করেছে সংস্থাটি। অগ্নিসংযোগের দায় স্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে রাজীব চন্দ্র দাস নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এছাড়াও গোপালগঞ্জে থানা, সরকারি স্থাপনা , সংসদ সদস্যের বাড়ি পুড়িয়ে দিয়ে নাশকতা করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের লোকজন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি মানেই সন্ত্রাস ও নাশকতা। ২০২৫ ও ২০২৬ সালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এমন নাশকতার অনেক চিত্র তুলে ধরেছে বাংলাফ্যাক্ট।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে ব্যাপক সহিংস ও নাশকতামূলক ঘটনা ঘটানো হয়।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ২০২৫ সালের ৯ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত মোট ৩১ টি সহিংস ও নাশকতামূলক ঘটনা ঘটায় ।

ফ্যাসিস্ট শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে গত ৭ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অনেক সহিংস ও নাশকতামূলক ঘটনা ঘটানো হয়। এ সময়ে মোট ঘটনা ঘটে ৯৬টি। এরমধ্যে রয়েছে ককটেল হামলা ৫১টি ও গাড়িতে অগ্নিসংযোগের ৪৫টি ঘটনা।

পোশাক শ্রমিকদের চলমান আন্দোলন নিয়ে সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের কার্যক্রমও শুরু হয়েছে।

তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে কোনো মহল শ্রমিকদের উসকানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে।

তিনি আরো বলেন, গার্মেন্টস শ্রমিকদের দাবির সঙ্গে সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডের সম্পর্ক নেই। এসব কর্মকাণ্ডের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। কোনো কোনো মহল নিজেদের রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থ করতে শ্রমিকদের উসকানি দিয়ে শিল্প খাতে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘পোশাক শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি ও মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনা করে সরকার নির্ধারিত সময়ের আগেই মজুরি বোর্ড গঠন করেছে। তা সত্ত্বেও চলমান আন্দোলনে সহিংসতা ও নাশকতার পেছনে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের লুটপাটের অর্থ বিনিয়োগের সংযোগ থাকতে পারে।’

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, পোশাক শিল্পের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি একদিকে আন্তর্জাতিক বাজারে দেশের পোশাক শিল্পের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে, অন্যদিকে জাতীয় অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। একই সঙ্গে এ পরিস্থিতিতে নিম্নতম মজুরি বোর্ডের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

বিজিএমইএ সভাপতি বলেন, গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠিত হয়েছে। কিন্তু বোর্ড গঠনের পরও এ ধরনের বিশৃঙ্খলা অব্যাহত রাখার কোনো যৌক্তিকতা নেই।

তিনি বলেন, কারখানার অভ্যন্তরে কিছু শ্রমিক বাইরের মহলের উসকানিতে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন এবং অন্য শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা দিচ্ছেন। এমনকি কোনো কোনো ক্ষেত্রে কারখানা থেকে বের হয়ে অন্য কারখানার প্রধান ফটকে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটছে। এ ধরনের কর্মকাণ্ড শিল্পাঞ্চলের সামগ্রিক পরিবেশ ও উৎপাদন কার্যক্রমকে ব্যাহত করছে।

উল্লেখ্য, গত পয়লা নভেম্বর রাজধানীর মিরপুরে তৈরি পোশাক শ্রমিকেরা মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। এই কর্মসূচির একপর্যায়ে সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর এবং পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে।

ওইদিন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) বক্তব্য অনুযায়ী, শ্রমিক আন্দোলনে অনুপ্রবেশ করে সহিংসতা সৃষ্টির অভিযোগে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের কয়েকজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তারা বরিশাল, পটুয়াখালী, কক্সবাজার, গাইবান্ধাসহ বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসেছিলেন বলে পুলিশ জানায়।

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার ভাগ্নে আলিফ মোল্লার বিরুদ্ধে বিভিন্ন এলাকা থেকে শতাধিক লোক সংগ্রহ করে আন্দোলনে যুক্ত করার অভিযোগ করা হয়েছে। অনলাইন গ্রুপের মাধ্যমে সংগঠিত হয়ে নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়ার কথাও জানিয়েছে ডিবি।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, ‘মজুরি ঘোষণার তারিখ যেদিনই নির্ধারণ করা হোক না কেন, নতুন মজুরি আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।’

শ্রমিকদের গুজব বা ভুয়া তথ্যে কান না দেয়ার এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।

দেশের গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠন করায় সরকারের উদ্যোগকে স্বাগত ও সাধুবাদ জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বাসসকে বলেন, ‘মজুরি বোর্ড গঠনের পরও বিভিন্ন স্থানে শ্রমিকদের নাম ব্যবহার করে আন্দোলন ও নাশকতার ঘটনা ঘটছে। এসব ঘটনায় প্রকৃত শ্রমিকদের সম্পৃক্ততা নেই। বরং এগুলো রাজনৈতিক আন্দোলনের অংশ।’

নাজমা আক্তার আরো বলেন, ঢাকার মিরপুরসহ বিভিন্ন স্থানে শ্রমিকদের নাম ব্যবহার করে নানা ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। গাজীপুরেও বিভিন্ন পক্ষের সংশ্লিষ্টতায় পরিস্থিতি জটিল করার চেষ্টা করা হচ্ছে। শিল্প-কারখানায় হামলা-ভাঙচুর ও নাশকতার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আখতার বাসসকে বলেন, ‘কারখানা বন্ধ হয়ে গেলে শ্রমিক-মালিক উভয়ে দুর্ভোগে পড়েন। জিনিসপত্র, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ায় শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি যৌক্তিক। তবে এ দাবিকে ভিন্ন খাতে প্রবাহিত করে কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে সরকারসহ সবাইকে সতর্ক থাকতে হবে।’

ইতোমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদার করেছে সরকার। পুলিশের পাশাপাশি বিজিবি ও এপিবিএন সদস্যদের মোতায়েন করা হয়েছে।