প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হাজারো নেতাকর্মী

ফেনী সফরের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকাল থেকেই দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত মহাসড়কের প্রায় ১০৪ কিলোমিটার এলাকার বিভিন্ন পয়েন্টে হাজারো হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ সারিবদ্ধভাবে অবস্থান নেন।

এছাড়া, দাউদকান্দি, চান্দিনা, নিমসার, পদুয়ার বাজার, আলেখারচর, চৌদ্দগ্রামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মহাসড়কের পাশে ব্যানার ও ফেস্টুন হাতে নেতাকর্মীদের দেখা গেছে।

এদিন, সকাল ৮টা ৩৬ মিনিটে গুলশানের বাসা থেকে ফেনীর উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। জানা গেছে, ফেনীতে পৌঁছে দুপুর সাড়ে ১২টায় পশুরাম উপজেলার খেয়াঘাট মহুরী ব্রিজ এলাকায় ‘মহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এরপর পর্যায়ক্রমে দেড়টায় ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাক বাংলোতে স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন এবং বিকেল সাড়ে ৩টায় ফুলগাজী সরকারি পাইলট স্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম, মুয়াজ্জিনসহ অন্য ধর্মাবলম্বীদের সন্মানী প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন সরকারপ্রধান। দুপুরে ফুলগাজী ডাক বাংলোতে জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ করবেন প্রধানমন্ত্রী।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর ফেনীতে তারেক রহমানের এটিই প্রথম সফর।

এর আগে, সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে গত ২৫ জানুয়ারি চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে ফেনীর পাইলট স্কুল মাঠে এক নির্বাচনি জনসমাবেশে বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান।