মক্কা চুক্তিতে যোগ দিতে আগ্রহী ৬ মুসলিম দেশ: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, বিশ্বের অন্তত ছয়টি মুসলিম দেশ ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে। তবে কোন কোন দেশ আগ্রহ প্রকাশ করেছে সেটি উল্লেখ করেননি তিনি।

শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে ইসহাক দার বলেন, মক্কা চুক্তির আওতায় গঠিত ‘কৌশলগত রাজনৈতিক প্রতিরক্ষা কমিটি’তে প্রতিটি দেশের তিনজন করে প্রতিনিধি রয়েছেন। তারা হলেন—পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান।

তিনি জানান, গত ৭ আগস্ট মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির প্রথম বৈঠক ৩১ আগস্ট ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়। পরে রিয়াদে তিন দেশের সেনাপ্রধানদের অংশগ্রহণে একটি বিশেষ বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।

ইসহাক দার বলেন, তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা নিউইয়র্কে বৈঠক করেছেন। চুক্তির আওতায় মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যালোচনা করতে আগামী সপ্তাহে রিয়াদে কৌশলগত রাজনৈতিক প্রতিরক্ষা কমিটির আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে।

ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রনীতি ও সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতার বিভিন্ন দিক তুলে ধরেন দার। তিনি বলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ফিলিস্তিন ও কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছেন। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘সিন্ধু পানি চুক্তি’ নিয়েও অবহিত করা হয়েছে। সূত্র: সামা টিভি।