চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সই

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার জন্য সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সই হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ঢাকার ইনভেস্ট বাংলাদেশ অডিটরিয়ামে এ চুক্তি সই হয়।এর ফলে ১৫ বছরের জন্য এনসিটি পরিচালনা করবে ডিপি ওয়ার্ল্ড।

প্রাইভেট পাবলিক পার্টনারশিপের আওতায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী ও ডিপি ওয়ার্ল্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইসা কাজিম।

এর আগে গত ১ অক্টোবর এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরের মাধ্যমে পরিচালনার লক্ষ্যে রেয়াতি চুক্তির খসড়া নীতিগতভাবে অনুমোদন করা হয়।

চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর চারটি প্রধান টার্মিনালের মধ্যে এনসিটি সবচেয়ে বড়। গত অর্থবছরে এই টার্মিনাল দিয়ে প্রায় ১৩ লাখ ৮৫ হাজার একক কনটেইনার ওঠানো-নামানো হয়েছে, যা বন্দরের মোট কনটেইনার পরিবহনের প্রায় ৪৪ শতাংশ।

উল্লেখ্য-শ্রমিক সংগঠনসহ বিভিন্ন পক্ষের আপত্তির মধ্যেই এই চুক্তি হলো। আশপাশের দেশগুলোর তুলনায় চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানিতে বেশি সময় লাগায় বাংলাদেশের অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়ছে। বন্দরের কার্যক্রমে গতি আনতে এনসিটি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।