ক্রিস্টার ব্যর্থ মৃত্যুদণ্ডের পর একই পদ্ধতিতে টেক্সাসে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর

যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগে জামাল হাওয়ার্ড নামে এল ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গত সপ্তাহে টেনেসিতে ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর এটি যুক্তরাষ্ট্রে একই পদ্ধতিতে প্রথম মৃত্যুদণ্ড কার্যকর।

সিবিএস নিউজ ও এপি জানায়, ৪৬ বছর বয়সী হাওয়ার্ডকে বুধবার হান্টসভিলের অঙ্গরাজ্য কারাগারে পেন্টোবার্বিটালের প্রাণঘাতী ডোজ দেওয়া হয়। স্থানীয় সময় রাত ৮টা ৩ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয়। চলতি বছর যুক্তরাষ্ট্রে এটি ৩০তম মৃত্যুদণ্ড কার্যকর এবং টেক্সাসে ষষ্ঠ।

২০০০ সালে টেক্সাসের সিলসবির একটি দোকানে ডাকাতির সময় কর্মী ভিকি সোয়ার্টআউটকে গুলি করে হত্যার দায়ে হাওয়ার্ডের মৃত্যুদণ্ড হয়। ঘটনার সময় তাঁর বয়স ছিল ২০ বছর। তিনি ক্যাশ রেজিস্টার থেকে ১১৪ ডলার ও এক কার্টন সিগারেট নিয়েছিলেন।

মৃত্যুদণ্ড কার্যকরের আগে হাওয়ার্ডের আইনজীবীরা তা স্থগিতের আবেদন করেন। তাঁদের দাবি ছিল, হাওয়ার্ড বুদ্ধিবৃত্তিকভাবে প্রতিবন্ধী এবং টেনেসিতে পাইকের ক্ষেত্রে যে ধরনের ঝুঁকি দেখা দিয়েছিল, তিনিও একই ঝুঁকিতে রয়েছেন। দুই রাজ্যেই প্রাণঘাতী ইনজেকশনে পেন্টোবার্বিটাল ব্যবহার করা হয়।

আইনজীবীরা আরও দাবি করেন, টেক্সাসের হাতে থাকা পেন্টোবার্বিটালের কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁরা পাইকের ঘটনায় ব্যবহৃত ওষুধের গুণগত মান নিয়েও প্রশ্ন তোলেন।

তবে আদালত দুবার তাঁদের আবেদন নাকচ করেন। বুধবার রাতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টও হাওয়ার্ডের শেষ আপিল প্রত্যাখ্যান করে।

মৃত্যুর আগে হাওয়ার্ড ভিকি সোয়ার্টআউটের পরিবারের কাছে ক্ষমা চান। তিনি বলেন, “যা ঘটেছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করি, কোনো একদিন আপনারা আমাকে ক্ষমা করতে পারবেন।”

সূত্র: সিবিএস