অস্ত্রোপচারের পর এখন কেমন আছেন অভিনেত্রী নুসরাত?

বালিতে বেড়াতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। মেরুদণ্ডে চোট পাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাকে মুম্বাইয়ে ফিরিয়ে আনা হয়।

সেই ঘটনার পর এবারই প্রথম সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিলেন অভিনেত্রী। তার শেয়ার করা ছবি দেখে ধারণা করা হচ্ছে, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। নিজের ঘরে বসে সূর্যাস্তের একটি ছবি পোস্ট করেছেন নুসরাত। ছবির সামনে দেখা যাচ্ছে হেলান দিয়ে বসার ব্যবস্থাসহ একটি হুইলচেয়ার।

পেছনে বারান্দা, আর দূরে দিগন্তে অস্ত যাচ্ছে সূর্য। ছবিটির সঙ্গে জীবনের নতুন উপলব্ধির কথাও ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে নুসরাত লিখেছেন, ‘এত দিন ধরে সূর্যাস্তের পিছনে ছুটেছি, আর হঠাৎই বদলে গেল আমার দৃষ্টিভঙ্গি। তবে গল্পের এখনও অনেকটা বাকি, বন্ধু!’

অভিনেত্রীর এই পোস্টের পর তার শারীরিক অবস্থা নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। যদিও সুস্থ হয়ে ওঠার অগ্রগতি কিংবা চিকিৎসার সর্বশেষ অবস্থা নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

কাজের সূত্রে এবং ছুটি কাটাতে বালিতে গিয়েছিলেন নুসরাত। সেখানেই দুর্ঘটনায় তার মেরুদণ্ডে চিড় ধরে। প্রথমে বালির একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর উন্নত চিকিৎসা ও মেরুদণ্ডে অস্ত্রোপচারের জন্য গত ২ অক্টোবর এয়ার অ্যাম্বুল্যান্সে করে মুম্বাইয়ে ফিরিয়ে আনা হয় অভিনেত্রীকে।

তবে ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটেছিল, সে বিষয়ে তার সহকারী দলের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। নুসরাতের জনসংযোগ সংস্থার পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছিল, চোটের ধরন ও অস্ত্রোপচারের কারণে তাকে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে। আগামী কয়েক সপ্তাহে তার পূর্বনির্ধারিত কাজের সূচিতেও প্রভাব পড়তে পারে।

বিবৃতিতে আরো বলা হয়, এই সময়ে নুসরাতের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানিয়ে তাকে চিকিৎসা ও সুস্থ হয়ে ওঠার জন্য প্রয়োজনীয় সময় দেওয়া উচিত। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ এবং শুভকামনা জানানোর জন্য সবার প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছে অভিনেত্রীর সহকারী দল।

এদিকে, পরিচালক রেমো ডি’সুজার আসন্ন অ্যাকশন সিনেমায় টাইগার শ্রফের বিপরীতে অভিনয়ের কথা রয়েছে নুসরাতের। এই প্রথম পর্দায় জুটি বাঁধার কথা তাদের। তবে দুর্ঘটনার কারণে অভিনেত্রীর আগামী কাজের সূচিতে কোনো পরিবর্তন আসবে কি না, তা এখনো জানা যায়নি।