“যখন আমি থাকব না গো, শুধু থাকবে আমার গান/ যত্ন করে শুইনো তারে, দিও তাহার দাম”—গীতিকবি মাহবুবুল খালিদের লেখা গানটির কথামালায় উঠে এসেছে সংগীতের প্রতি ভালোবাসা-মমত্ববোধ ও জীবনের চিরন্তন সত্য বয়ান। ‘যখন আমি থাকবো না গো’ শিরোনামের গানটির সুরারোপ করেছেন প্রখ্যাত সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সামিনা চৌধুরী।
সম্প্রতি গানটির সংগীতচিত্র প্রকাশিত হয়েছে ‘খালিদ সংগীত’-এর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। একই নামের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে গানটির অডিও।
গানটির কথায় ক্ষণস্থায়ী জীবন, মানুষের স্মৃতিতে বেঁচে থাকা এবং গানের চিরন্তন আবেদন ফুটে উঠেছে। মানুষ একদিন পৃথিবী থেকে বিদায় নিলেও তার সৃষ্টিকর্ম থেকে যায়। সেই সৃষ্টিকে ভালোবাসা ও যত্নে আগলে রাখার আকুতিই প্রকাশ পেয়েছে গানটিতে। আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরের সঙ্গে সামিনা চৌধুরীর দরদভরা কণ্ঠ গানটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।
গীতিকবি মাহবুবুল খালিদ দীর্ঘদিন ধরে সংগীত ও সাহিত্যাঙ্গনে সৃষ্টিশীল কাজ করে যাচ্ছেন। প্রেম, প্রকৃতি, মানবিকতা, সামাজিক অসংগতি ও সমকালীন নানা ঘটনা তার গানের অন্যতম উপজীব্য। তার লেখা গানের সংখ্যা পাঁচ শতাধিক। তার গানে কণ্ঠ দিয়েছেন দেশের বিভিন্ন প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পীরা। নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ‘খালিদ সংগীত’-এর ব্যানারে ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে নিয়মিত প্রকাশিত হচ্ছে তার নতুন নতুন গান।
মাহবুবুল খালিদের গানে প্রেম ও ভালোবাসার পাশাপাশি বিশেষ গুরুত্ব পেয়েছে সামাজিক দায়বদ্ধতা, মানবিক সংকট এবং আলোচিত নানা ঘটনা। ঢাকার মিরপুরে নির্যাতনের শিকার শিশু গৃহকর্মী আদুরিকে নিয়ে তিনি লিখেছেন ‘আদুরি’। সীমান্তে ফেলানী হত্যাকাণ্ডের মর্মান্তিক ঘটনা উঠে এসেছে তার লেখা ‘ফেলানীরে করলো গুলি’ গানে।
এছাড়া মাগুরায় শিশু আছিয়ার ওপর নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে রচনা করেছেন ‘মাগুরার ফুল’। গানটি মানুষের বিবেক ও মানবিকতাকে নাড়া দিয়েছে। সাম্প্রতিক সময়ে আলোচিত আরেকটি ঘটনা নিয়ে লিখেছেন ‘রামিসাদের বিচার’ শিরোনামে গান।
দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মানবিক সংকটও উঠে এসেছে তার সৃষ্টিতে। ফিলিস্তিনের নিপীড়িত মানুষ এবং রোহিঙ্গা সংকট নিয়ে লেখা গানগুলোতে প্রকাশ পেয়েছে মানবতা, প্রতিবাদ ও সচেতনতার বার্তা। সব মিলিয়ে প্রেম-বিরহের অনুভূতি থেকে শুরু করে সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধতা, নানা বিষয়বৈচিত্র্যে সমৃদ্ধ মাহবুবুল খালিদের গান।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৫ নভেম্বর ‘যখন আমি থাকবো না গো’ গানটির সুরারোপ করেন প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। ২০১৯ সালের ২২ জানুয়ারি তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান।





