সৌদি আরবে হামলা কোনো শুভ কাজ নয়, এর নিন্দা করি: জামায়াত আমির

সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। তবে এই ধরনের হামলাকে কোনো শুভ কাজ নয় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, এটা একটা অশুভ কাজ। সেজন্য এই ধরনের হামলার আমরা নিন্দা করি। যুদ্ধ কোনো সমাধান নয়, আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা যাই থাকুক, সেটা সমাধান হওয়া উচিত।

রোববার (১১ অক্টোবর) তুরস্ক সফর এবং সৌদি আরবে ওমরাহ পালন শেষে সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, দুই দিনের সফর শেষে পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে গিয়েছিলাম। গতকাল সকালেই পৌঁছাই এবং রাতে সাড়ে টায় মদিনা বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। এই সময়ের মধ্যে গতকাল বিমানবন্দরে ভয়াবহ হামলা হয়েছে। সৌদি আরব হচ্ছে হারামাইন শরিফাইনের দেশ, যেখানে আল্লাহর ঘর কাবা এবং রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মসজিদ এবং রওজা। আর কালামে হাকিমও নাজিল হয়েছে সৌদি আরবের বিভিন্ন জায়গায়, বিভিন্ন মাটিতে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক কনফারেন্সে তুরস্ক পার্লামেন্টের স্পিকারের সঙ্গে বৈঠক হয়েছে, আরও উচ্চপর্যায়ের অনেক সরকারি পর্যায়ের মিটিং হয়েছে, বেসরকারি পর্যায়ের অনেকগুলো মিটিং হয়েছে। তুরস্ক-বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের, এটা দশকের নয়, শতাব্দীর—আমরা সবাই জানি। তুরস্ক বাংলাদেশের পরীক্ষিত নিখাদ বন্ধু।

জামায়াত আমির বলেন, তুরস্কের আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের মূল উদ্দেশ্য ছিল— বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা। সেখানে এরদোয়ান সরকারের সঙ্গে আলাপ-আলোচনায় দেশের শিক্ষা, গার্মেন্টস খাত এবং মক্কা প্যাক্টসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।