ভারতের দিল্লিতে বিক্ষোভের সময় আবারও আটক হয়েছেন সিপিআইএমএল (লিবারেশন)-এর ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা। রোববার আশ্রম মর্গ এলাকায় বিক্ষোভে অংশ নিতে গেলে তাকে আটক করে পুলিশ।
রোববার বিক্ষোভকারীদের সঙ্গে আশ্রম মর্গ এলাকায় যান নেহা বোরা। তবে সেখানে বেশিক্ষণ অবস্থান করতে পারেননি তিনি। পরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন নেহা। ভিডিওতে তাকে অন্য বিক্ষোভকারীদের সঙ্গে দৌড়ে সরে যেতে দেখা যায়। এরপর পুলিশ ধাওয়া করে তাকে আটক করে।
দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ২ অক্টোবর থেকে চলমান আন্দোলনে নেহা বোরা অন্যতম পরিচিত মুখ হয়ে উঠেছেন। আন্দোলনে অংশ নেওয়ার পর একাধিকবার তাকে আটক করেছে পুলিশ।
এর আগে শনিবার দিল্লির যন্তর মন্তরে যাওয়ার পথগুলোতে কড়া পুলিশি পাহারা ছিল। এর মধ্যেই আকস্মিকভাবে দিল্লিতে গিয়ে বিক্ষোভে অংশ নেন নেহা। পরে তাকে আটক করা হয়।
রোববার বিক্ষোভের কৌশল বদলান নেহা। বিক্ষোভের স্থান ও সময় জানিয়ে সমর্থকদের সেখানে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। এরপর নির্ধারিত স্থানে পৌঁছে বিক্ষোভে অংশ নেন। সেখান থেকে আবারও তাকে আটক করে পুলিশ।





