ড. ইউনূসকে হেনস্তার নিন্দা, বিচার দাবি নাহিদ ইসলামের

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও অন্য সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

পোস্টে তিনি অভিযোগ করেন, নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার চেষ্টা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির সহিংস ও অমানবিক চরিত্রের বহিঃপ্রকাশ। তার ভাষ্য, জনগণের কাছে প্রত্যাখ্যাত হওয়ার দুই বছর পরও দলটির কর্মকাণ্ডে কোনো পরিবর্তন আসেনি এবং অতীতের অপকর্মের জন্য অনুশোচনার লক্ষণও দেখা যাচ্ছে না।

নাহিদ ইসলাম লেখেন, দেশে-বিদেশে সক্রিয় এ ধরনের নেটওয়ার্ক প্রতিহত করতে হবে। জুলাই গণহত্যাসহ ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত গুম ও খুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার দ্রুত শেষ করে রায় কার্যকরের দাবি জানান তিনি। পাশাপাশি গণহত্যা ও সন্ত্রাসের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া অবিলম্বে শুরু করার আহ্বান জানান।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম আরও বলেন, দেশের সংকটময় সময়ে গণতন্ত্র পুনরুদ্ধার এবং ধ্বংসস্তূপে পরিণত হওয়া অর্থনীতি পুনর্গঠনে ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সদস্যরা নেতৃত্ব দিয়েছেন। তাঁদের সবার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

উল্লেখ্য, নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে হুইলচেয়ারে থাকা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে কয়েকজনের স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।