‘ওরা আমাকে বেচে দিয়েছে’, কান্নায় ভেঙে পড়লেন মনামী

বিগ বস বাংলার ঘরে নিত্যদিনই বদলে যাচ্ছে ক্ষমতার সমীকরণ। শুরুর দিকে নন্দিনী দত্তদের সঙ্গে ঘনিষ্ঠতা থাকলেও বর্তমানে নিজের দলেই কোণঠাসা হয়ে পড়েছেন অভিনেত্রী মনামী ঘোষ। সাম্প্রতিক ক্যাপ্টেন্সি টাস্কে দলেরই সদস্যরা পিছন থেকে আঘাত করেছেন—এমন অভিযোগ তুলে অভিনেতা ভরত কলের কাছে কান্নায় ভেঙে পড়েছেন তিনি। মনামী আফসোস করে বলেন, ‘ওরা আমাকে বেচে দিয়েছে ভরত দা।’

রীতি অনুযায়ী প্রতি সপ্তাহেই বিগ বসের ঘরে ক্যাপ্টেন পরিবর্তনের জন্য বিশেষ টাস্ক দেওয়া হয়। টাস্কে বিজয়ী প্রতিযোগী ওই সপ্তাহের জন্য ঘর পরিচালনার দায়িত্ব পান। মঙ্গলবারের ক্যাপ্টেন্সি টাস্কে ভরত কল ছাড়া বাকি সব প্রতিযোগীই অংশ নেন। লড়াই শেষে মূল প্রতিযোগিতায় টিকে থাকেন দুর্নিবার সাহা, তনুশ্রী রায় দাস, সোনামণি সাহা ও রাজবীর দে। এই চারজনের মধ্যে বিজয়ীরই ক্যাপ্টেন হওয়ার কথা ছিল।

তবে প্রথম দফার খেলা শেষে জানা যায়, টাস্ক চলাকালে নন্দিনী ও নিরঞ্জনের মধ্যে একটি গোপন চুক্তি হয়েছিল। নিরঞ্জন মূলত দুর্নিবারকে ক্যাপ্টেন করতে চেয়েছিলেন। সেই পরিকল্পনা অনুযায়ী নন্দিনীর সঙ্গে কথা বলে মনামীসহ কয়েকজনের বল ইচ্ছাকৃতভাবে ফেলে দেওয়া হয়।

বিগ বসের ঘরে প্রথম সপ্তাহ থেকেই ক্যাপ্টেন হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন মনামী। তবে ষষ্ঠ সপ্তাহ পার হয়ে গেলেও সেই সুযোগ তিনি পাননি। মঙ্গলবার তাকে পরিকল্পনা করে হারিয়ে দেওয়ার বিষয়টি সামনে আসতেই ক্ষোভে-দুঃখে ভেঙে পড়েন এই অভিনেত্রী।

শুরুতেই সহ-প্রতিযোগী ভরত কলকে দোষারোপ করে মনামী বলেন, ‘তুমি কোনোদিন আমার জন্য চিয়ার পর্যন্ত করোনি।’

এরপরই সাবেক বন্ধু নন্দিনীর ওপর ক্ষোভ উগড়ে দেন তিনি। মনামীর দাবি, তাকে আগেই বিক্রি করে দেওয়া হয়েছে। কাছের মানুষের এমন আচরণে তিনি যে মানসিকভাবে গভীরভাবে আঘাত পেয়েছেন, তা তার প্রতিক্রিয়াতেই স্পষ্ট হয়ে ওঠে।