গাঙ্গুলী যুবরাজের পর দিল্লিতে যুক্ত হলেন শ্রীলঙ্কান অলরাউন্ডার

শ্রীলঙ্কার সাবেক কিংবদন্তি অলরাউন্ডার চামিন্ডা ভাস আইপিএলে প্রথমবারের মতো কোচিংয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। আইপিএলের পরবর্তী আসরের আগে তাকে দিল্লি ক্যাপিটালসের ফাস্ট বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

টেস্ট ক্রিকেটে ৩৫৫টি এবং ওয়ানডেতে ৪০০টি উইকেট নেওয়া চামিন্ডা ভাস শ্রীলঙ্কার অন্যতম সফল বোলার। তিনি এখন প্রধান কোচ সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালসের কোচিং স্টাফে যুক্ত হচ্ছেন। এর আগে এই সপ্তাহে দিল্লি ক্যাপিটালস যুবরাজ সিংকে তাদের সহকারী কোচ ও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। ভাস স্থলাভিষিক্ত হচ্ছেন মুনাফ প্যাটেলের, যিনি গত দুই মৌসুমে দলটির বোলিং কোচ ছিলেন।

৫২ বছর বয়সী ভাস এর আগেও তিন দফায় লঙ্কানদের পুরুষ দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। কোচ হিসেবে তার যাত্রা শুরু হয় নিউজিল্যান্ড দলের সঙ্গে একটি সংক্ষিপ্ত চুক্তির মাধ্যমে। এরপর ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি জাতীয়ে দলের কোচ ছিলেন। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আয়ারল্যান্ড দলের বোলিং কোচ হিসেবে কাজ করার পর, তিনি পুনরায় শ্রীলঙ্কা দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন।

উল্লেখ্য, চামিন্ডা ভাস নিজেও আইপিএলে খেলেছেন। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি ডেকান চার্জার্সের হয়ে ১৩টি ম্যাচ খেলে ১৮টি উইকেট নিয়েছিলেন।