ম্যাক্রোঁর পদত্যাগের দাবিতে প্যারিসে ফের ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন

জীবনযাত্রার চরম ব্যয় বৃদ্ধি, অর্থনৈতিক চাপ এবং ফরাসি সরকারের বিভিন্ন নীতিমালার প্রতিবাদে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর পদত্যাগের একদফা দাবিতে রাজপথে নামার নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা।

গত সপ্তাহের সংঘর্ষ ও সহিংসতার রেশ কাটতে না কাটতেই আগামী শনিবার (২৪ অক্টোবর) ফ্রান্সজুড়ে ব্যাপকভিত্তিক রাজনৈতিক বিক্ষোভ কর্মসূচির আহ্বান জানিয়েছে ‘হলুদ ভেস্ট’ জোন আন্দোলনের সমন্বয়কারীরা। এই নতুন ধাপের নাম দেওয়া হয়েছে ‘অ্যাক্ট টু’।

পূর্বে আয়োজিত রাজপথের সহিংসতা, ভাঙচুর ও লুটপাটের অভিজ্ঞতা মাথায় রেখে পুরো ফ্রান্সজুড়ে নাগরিক নিরাপত্তা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সুরক্ষা নিয়ে চরম শঙ্কা দেখা দিয়েছে। আন্দোলনকারীদের মূল স্লোগান ‘ম্যাক্রোঁকে সরে যেতে হবে’ হলেও এটি ক্রমশ গভীর সামাজিক ও রাজনৈতিক মাত্রা রূপ ধারণ করছে। প্রকাশিত মানচিত্র অনুযায়ী, রাজধানী প্যারিসসহ দেশের শতাধিক গুরুত্বপূর্ণ স্থান ও রুটে বিক্ষোভ মিছিল ও জমায়েতের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন ও স্থানীয় সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে গত সপ্তাহের সহিংসতায় ক্ষতিগ্রস্ত বিদেশি ও প্রবাসী ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আন্দোলনকে কেন্দ্র করে রাজধানী ও বড় শহরগুলোর বাণিজ্যিক এলাকা, ইলেকট্রনিকসের দোকান, খুচরা ব্যবসা প্রতিষ্ঠান এবং মোবাইল সার্ভিস সেন্টারগুলোর নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

আসন্ন শনিবারের এই ‘অ্যাক্ট টু’ কর্মসূচিতে সাধারণ নাগরিকদের যাতায়াত এবং জননিরাপত্তা রক্ষা করা ফরাসি সরকারের প্রধান অগ্রাধিকার হয়ে উঠেছে। রাজপথে ব্যাপক জনসমাগম হলে সরকারের ওপর রাজনৈতিক চাপ আরও বহুগুণ বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সাথে যেকোনো ধরনের সহিংসতা ও লুটপাট প্রতিরোধে অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েনের প্রস্তুতি সম্পন্ন করছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।