মেয়ে মালতীর পা ধুয়ে কন্যাপুজো প্রিয়াঙ্কা-নিকের

নবরাত্রি ও দশেরার উৎসবে মেতে উঠেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও তাঁর স্বামী নিক জোনাস। তবে এবার উৎসবের আয়োজনে সবচেয়ে বেশি নজর কেড়েছে তাঁদের একমাত্র মেয়ে মালতী মেরী চোপড়া জোনাস।

লস অ্যাঞ্জেলেসের বাড়িতেই মেয়েকে নিয়ে কন্যাপুজোর আয়োজন করেন তারকাদম্পতি। সেই বিশেষ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন প্রিয়াঙ্কা।

প্রচলিত হিন্দু রীতি অনুযায়ী, কন্যাপুজোয় ছোট মেয়েদের দেবী দুর্গার প্রতীক হিসেবে শ্রদ্ধা জানানো হয়। সেই রীতি মেনেই মালতীর পা ধুয়ে দেন প্রিয়াঙ্কা ও নিক। পুজোর জন্য ছোট্ট মালতীকে সাজানো হয়েছিল সাদা পোশাকে। গলায় ছিল ‘জয় মাতাদি’ লেখা লাল উত্তরীয়, হাতে ছোট ছোট চুড়ি আর মাথায় দুটো ঝুঁটি।

বাড়ির মন্দিরের সামনে মেয়েকে নিয়ে পুজোয় বসেছিলেন প্রিয়াঙ্কা ও নিক। কখনো বাবা-মায়ের পাশে বসে পুজো দেখতে দেখা যায় মালতীকে, আবার কখনো মেয়ের হাতে পুজোর সুতো বেঁধে দেন অভিনেত্রী।

ছবিগুলোর সঙ্গে প্রিয়াঙ্কা লেখেন, মা দুর্গার শক্তি এবং দশেরায় তাঁদের প্রার্থনার পবিত্রতা যেন আজ, আগামীকাল ও সব সময় বজায় থাকে।

মেয়েকে ভারতীয় সংস্কৃতি ও আধ্যাত্মিকতার সঙ্গে পরিচয় করিয়ে দিতে বরাবরই আগ্রহী প্রিয়াঙ্কা। এর আগেও মালতীকে শ্লোক শেখানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন তিনি।

২০২২ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে জন্ম হয় প্রিয়াঙ্কা ও নিকের মেয়ে মালতীর। নির্ধারিত সময়ের আগেই জন্ম নেওয়ায় জন্মের পর প্রায় ১১০ দিন হাসপাতালে থাকতে হয়েছিল তাকে। বর্তমানে মেয়েকে ঘিরেই তারকাদম্পতির জীবনের নানা মুহূর্ত ধরা পড়ে তাঁদের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে।