সপ্তাহে গড়ে ৪০টি প্রেমের প্রস্তাব পান অভিনেতা ডি এ তায়েব। এমনকি অনেকে তাঁকে ছুঁয়েও দেখতে চান বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন এই অভিনেতা। তাঁর এমন বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। এবার সেই প্রসঙ্গ টেনে নিজের প্রেমের অভিজ্ঞতা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন অভিনেতা ও পরিচালক শাহরিয়ার নাজিম জয়।
ডি এ তায়েবের বক্তব্যসংবলিত একটি ফটোকার্ড নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে জয় লেখেন, ‘তায়েব ভাই সপ্তাহে ৪০ টি প্রেমের প্রস্তাব পান। আর আমি গত ৪০ বছরে একটি প্রেমের প্রস্তাব ও পাইনি। তবে দিয়েছি অনেক।’

শাহরিয়ার নাজিম জয়ের ফেসবুক পোস্ট
জয়ের এই বক্তব্যে উঠে এসেছে প্রেমের প্রস্তাব দেওয়া, প্রত্যাখ্যান এবং অবহেলার প্রসঙ্গ। তায়েবের সপ্তাহে ৪০টি প্রেমের প্রস্তাব পাওয়ার বক্তব্যের বিপরীতে নিজের ৪০ বছরের অভিজ্ঞতা তুলে ধরে রসিকতার সুরেই নিজের আক্ষেপ প্রকাশ করেন তিনি।
এরপর নিজের ভবিষ্যৎ ভাবনা জানিয়ে জয় লেখেন, ‘ভবিষ্যতে আর প্রস্তাব পাবো না কখনোই এটা আমি জানি। মনস্থির করেছি আর প্রস্তাব দেবোও না। অবহেলার এবং অপমানের একটা শেষ তো হওয়া উচিত। ওরা তায়েব ভাইকে নিয়ে খুশি থাকুক।’
জয়ের এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল তৈরি হয়েছে। তাঁর কথায় যেমন রয়েছে হাস্যরস, তেমনি প্রকাশ পেয়েছে অভিমান ও হতাশার সুর। তবে তাঁর বক্তব্যের পেছনে কোনো নির্দিষ্ট ঘটনা রয়েছে কি না, তা পোস্টে স্পষ্ট করেননি অভিনেতা।
অন্যদিকে, ডি এ তায়েবের প্রেমের প্রস্তাব পাওয়ার অভিজ্ঞতা নিয়ে করা মন্তব্যও আলোচনায় এসেছে। দুই অভিনেতার বক্তব্যকে ঘিরে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে নানা কৌতূহল।
সব মিলিয়ে প্রেমের প্রস্তাব নিয়ে ডি এ তায়েবের বক্তব্য এবং শাহরিয়ার নাজিম জয়ের ব্যতিক্রমী প্রতিক্রিয়া এখন বিনোদন অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে।





