টানা তিন দিনের ছুটি, বন্ধ থাকবে কোন কোন প্রতিষ্ঠান

চলতি সপ্তাহের শেষ দিকে টানা তিন দিনের ছুটি উপভোগ করতে যাচ্ছেন দেশের স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং শ্যামাপূজার ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে এ সুযোগ তৈরি হয়েছে।

ছুটির নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী শুক্রবার (৬ নভেম্বর) সাপ্তাহিক ছুটি। শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এরপর রোববার (৮ নভেম্বর) শ্যামাপূজা উপলক্ষে বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে শুক্র, শনি ও রোববার মিলিয়ে টানা তিন দিন ছুটি কাটাতে পারবেন শিক্ষক-শিক্ষার্থীরা।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৬ সালের বার্ষিক ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এ ছুটির আওতায় থাকছে সরকারি ও এমপিওভুক্ত স্কুল-কলেজ। একই সঙ্গে দেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়েও পাঠদান বন্ধ থাকবে।

তবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এ ছুটি কার্যকর হচ্ছে না। বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার ও প্রশাসনিক সিদ্ধান্ত অনুসারে ছুটি নির্ধারণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে কোনো ছুটির উল্লেখ পাওয়া যায়নি।

এদিকে, কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকায় শ্যামাপূজার ছুটি অন্তর্ভুক্ত না থাকায় মাদরাসার শিক্ষার্থীরা এ ছুটির আওতায় থাকছে না।

উল্লেখ্য, হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব কালীপূজা বা শ্যামাপূজা। হিন্দু পঞ্জিকা অনুযায়ী, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে দেবী কালীর পূজা ও আরাধনার মধ্য দিয়ে এ উৎসব পালিত হয়। একই তিথিতে উদ্‌যাপিত হয় আলোর উৎসব দীপাবলিও।