আজ মঙ্গলবার (৩ নভেম্বর) শোকাবহ জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় হত্যা করা হয় জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এএইচএম কামারুজ্জামানকে।
৩ নভেম্বর গভীর রাতে সশস্ত্র ব্যক্তিরা কারাগারে প্রবেশ করে তাঁদের গুলি করে। পরে বেয়নেট দিয়ে খুঁচিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়।
মুক্তিযুদ্ধের সময় গঠিত মুজিবনগর সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। তাজউদ্দীন আহমদ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। অপর দুই নেতা ক্যাপ্টেন এম মনসুর আলী ও এএইচএম কামারুজ্জামানও মুক্তিযুদ্ধ পরিচালনা এবং স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
জেলহত্যার ঘটনায় ১৯৭৫ সালের ৪ নভেম্বর মামলা হলেও দীর্ঘদিন বিচারপ্রক্রিয়া স্থবির ছিল। ২০০৪ সালে আদালত তিনজনকে মৃত্যুদণ্ড এবং ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরবর্তী সময়ে কয়েকজন খালাস পেলেও অধিকাংশ সাজা বহাল থাকে। ২০২০ সালে ক্যাপ্টেন আবদুল মাজেদের মৃত্যুদণ্ড কার্যকর হয়। জাতীয় চার নেতার আত্মত্যাগ স্মরণে প্রতিবছর ৩ নভেম্বর জেলহত্যা দিবস পালিত হয়।





