বিশ্ব রাজনীতির তিন প্রভাবশালী নেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন। আগামী ১৯ নভেম্বর চীনের শেনঝেন শহরে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপিইসি) সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্ভাব্য এ বৈঠককে ‘ঐতিহাসিক’ হিসেবে উল্লেখ করেছে হোয়াইট হাউস।
মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরস্ত্রীকরণের বিষয়টি বিশেষ গুরুত্ব পেতে পারে। পাশাপাশি উত্তর কোরিয়া ও ইরানের পরিস্থিতি নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৈঠকের পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সপ্তাহের শুরুতে সাংবাদিকদের তিনি বলেন, পারমাণবিক নিরস্ত্রীকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যু নিয়ে পুতিন ও জিনপিংয়ের সঙ্গে আলোচনা করবেন তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) ওয়াশিংটনে এক সংবাদ ব্রিফিংয়ে হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বৈঠকটিকে ঐতিহাসিক হিসেবে অভিহিত করেন। তিনি জানান, বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়টি ট্রাম্পের আলোচ্যসূচিতে থাকবে। মার্কিন প্রেসিডেন্ট পারমাণবিক অস্ত্রের বিস্তারকে অত্যন্ত বিপজ্জনক বলে মনে করেন বলেও জানান তিনি।





