ওক রিজ বয়েজের বেস কণ্ঠশিল্পী রিচার্ড স্টারবান আর নেই

বিশ্বজুড়ে জনপ্রিয় কান্ট্রি মিউজিক ব্যান্ড ‘দ্য ওক রিজ বয়েজ’-এর অন্যতম সদস্য ও বেস কণ্ঠশিল্পী রিচার্ড স্টারবান মারা গেছেন।

শনিবার যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের হেন্ডারসনভিলে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

ডেডলাইনের প্রতিবেদনে বলা হয়, ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করছিলেন স্টারবান। এর মধ্যে ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। সময়ের সঙ্গে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

পরিবার ও ব্যান্ডের পক্ষ থেকে তার মৃত্যুর খবর জানানো হয়েছে। এক বিবৃতিতে পরিবারের সদস্যরা বলেন, ‘এই কঠিন সময়ে সবার ভালোবাসা, সমর্থন ও প্রার্থনার জন্য আমরা কৃতজ্ঞ। তার প্রয়াণে আমরা শোকাহত। তবে বিশ্বাস করি, তিনি এখন যিশুর সান্নিধ্যে রয়েছেন।’

১৯৪৩ সালের ২৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ক্যামডেনে জন্মগ্রহণ করেন রিচার্ড স্টারবান। মাত্র ছয় বছর বয়সে গান গাওয়া শুরু করেন তিনি। সংগীত নিয়ে পড়াশোনা শেষে বিভিন্ন গসপেল সংগীত দলের সঙ্গে কাজ করেন। একসময় যোগ দেন জে ডি সামনার অ্যান্ড দ্য স্ট্যাম্পস দলে। কিংবদন্তি সংগীতশিল্পী এলভিস প্রিসলির সঙ্গে গান গাওয়ার সুযোগও হয়েছিল তার। এমনকি ১৯৭২ সালের ‘এলভিস অন ট্যুর’ চলচ্চিত্রেও দেখা যায় তাকে।

১৯৭২ সালে ‘দ্য ওক রিজ বয়েজ’-এ যোগ দেন স্টারবান। এরপর পাঁচ দশকেরও বেশি সময় ধরে দলটির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ১৯৮১ সালে প্রকাশিত ‘এলভিরা’ গানটি ব্যান্ডটির ক্যারিয়ারে অন্যতম বড় সাফল্য এনে দেয়। গানটিতে স্টারবানের পরিবেশনা শ্রোতাদের কাছে বিশেষভাবে জনপ্রিয় হয়েছিল। গানটি কান্ট্রি চার্টের শীর্ষে ওঠার পাশাপাশি পপ চার্টেও পঞ্চম স্থান অর্জন করে। এর দুই মিলিয়নের বেশি কপি বিক্রি হয় এবং গানটি গ্র্যামি পুরস্কার জেতে।

২০১২ সালে প্রকাশিত হয় তার আত্মজীবনী ‘ফ্রম এলভিস টু এলভিরা: মাই লাইফ অন স্টেজ’।