নেশনস লিগে কোয়ার্টার ফাইনাল বাজি রেখে তুরস্কের মুখোমুখি হচ্ছে ফ্রান্স। আগের ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে খেলেননি কিলিয়ান এমবাপে। এই ম্যাচে তার খেলার সম্ভাবনা আছে জানালেন জিনেদিন জিদান। একই সঙ্গে দলের প্রধান তারকার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে মুখ খুললেন ফ্রান্সের কোচ।
গ্রুপ এ-১ এ নিজেদের শেষ ম্যাচে আজ বোর্দোয়াতে তুরস্ককে স্বাগত জানাবে ফ্রান্স। মিলানে বৃহস্পতিবার ইতালির কাছে ৩-১ গোলে হেরে যাওয়ার পর ফরাসিদের এই ম্যাচে হার এড়ালেই নিশ্চিত হবে শেষ আটে খেলা।
দলের ওই হারের পর জিদান ও তার অধিনায়কের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছিল। গুঞ্জন উঠেছে, সেপ্টেম্বরের ক্যাম্প চলাকালে বাঁ উইংয়ে তাকে খেলানোয় এবং উসমান দেম্বেলেকে সেন্টারে রাখার কারণে অখুশি ছিলেন এমবাপে। দুই খেলোয়াড়দের মধ্যে যোগাযোগও নাকি ভালো ছিল না।
জিদান বলেন, ‘আমি বুঝতে পারছি না, এটা তো বড় কোনো ব্যাপার না। এ কারনেই আমি বিতর্কে জড়াব না। তার সঙ্গে আমার কোচ-খেলোয়াড়ের সম্পর্ক। সবকিছু খুব ভালোভাবেই যাচ্ছে। লোকেরা যা বলছে, তা তো আমি থামাতে পারি না। কিন্তু এটা অযৌক্তিক। এটা লজ্জার এবং বেশ বিরক্তিকর।’
২০২৬ বিশ্বকাপের পর দিদিয়ের দেশমের স্থলাভিষিক্ত হন জিদান। তার পাঁচ ম্যাচের মধ্যে ইতালির কাছে হারই ছিল প্রথম। দুই দলই ১০ পয়েন্ট পেয়েছে। রোববার আরেক গ্রুপ ম্যাচে ইতালিকে স্বাগত জানানোর অপেক্ষায় থাকা বেলজিয়াম এক পয়েন্ট পেছনে।
ইতালি ম্যাচটি জিততে ব্যর্থ হলে ফ্রান্স তুরস্ককে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে। আর ফ্রান্স যদি হেরে যায় এবং বেলজিয়ানরা জেতে তাহলে জিদানের দল তৃতীয় হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। তুরস্ক তাদের পাঁচ ম্যাচের সবগুলো হেরেছে।




