স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রাণ গোবিন্দ কুন্ডুর নামের গেজেট সংশোধন করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
দীর্ঘ চার বছর ধরে বিভিন্ন দপ্তরে ঘুরেও যে সমস্যার সমাধান হয়নি। অবশেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের হস্তক্ষেপে সেই জটিলতার অবসান হয়েছে। গতকাল ১৬ নভেম্বর মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ভুলভাবে অন্তর্ভুক্ত ‘পবিন্দ কুন্ড, পিতা সুকুমার কুন্ড’-এর পরিবর্তে প্রকৃত বীর মুক্তিযোদ্ধা প্রাণ গোবিন্দ কুন্ডুর নাম ও সঠিক পরিচয় অন্তর্ভুক্ত করা হয়েছে। তার পিতার নাম মৃত চিত বিনোদ কুন্ডু। ঠিকানা নারায়ণগঞ্জের লয়েল ট্যাক রোড, ২৫/বি।
মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রাণ গোবিন্দ কুন্ডু। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনের লক্ষ্যে দলটি ভারতের বিভিন্ন স্থানে ১৬টি প্রদর্শনী ফুটবল ম্যাচে অংশ নেয়। অস্ত্রের পরিবর্তে ফুটবলকে হাতিয়ার করে মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজনমত তৈরিতে ভূমিকা রাখা এই দলের অন্যতম খেলোয়াড় ছিলেন তিনি।
তবে স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য হিসেবে বিভিন্ন দলিলপত্রে প্রাণ গোবিন্দ কুন্ডুর নাম সঠিক থাকলেও সরকারি গেজেটে ভুলবশত অন্য নামে তার পরিচয় প্রকাশিত হয়। সেখানে তার নাম লেখা হয় ‘পবিন্দ কুন্ড’ এবং পিতার নাম উল্লেখ করা হয় ‘সুকুমার কুন্ড’। ঠিকানাতেও ছিল অসংগতি।
দীর্ঘদিন নিউইয়র্কে প্রবাসজীবন কাটিয়ে দেশে ফেরার পর ২০২২ সাল থেকে গেজেট সংশোধনের জন্য চেষ্টা চালিয়ে আসছিলেন প্রাণ গোবিন্দ কুন্ডু। এ জন্য স্বাধীন বাংলা ফুটবল দলের সতীর্থদের প্রত্যয়নপত্র, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রমাণপত্র এবং হলফনামাসহ প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট দপ্তরে জমা দেন তিনি। কিন্তু দীর্ঘদিনেও সমস্যার সমাধান হচ্ছিলনা।
তার আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২২ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে নির্দেশ দেয়। একই বছর জেলা প্রশাসক তদন্ত শেষে মন্ত্রণালয়কে জানান, পূর্বের গেজেটে উল্লিখিত ‘পবিন্দ কুন্ড’ নামে বাস্তবে কোনো ব্যক্তির অস্তিত্ব পাওয়া যায়নি।
প্রকৃতপক্ষে প্রাণ গোবিন্দ কুন্ডুই স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য। অর্থাৎ জেলা প্রশাসকের তদন্তেই গেজেটে প্রকাশিত ভুল পরিচয়ের সঙ্গে প্রাণ গোবিন্দ কুন্ডুর প্রকৃত পরিচয়ের বিষয়টি নিশ্চিত হয়।
এরপরও প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় দীর্ঘদিন আটকে ছিল গেজেট সংশোধনের বিষয়টি। বয়সের ভারে ন্যুব্জ প্রাণ গোবিন্দ কুন্ডুর একমাত্র প্রত্যাশা ছিল, জীবদ্দশায় যেন সরকারি গেজেটে মুক্তিযোদ্ধা হিসেবে নিজের প্রকৃত নাম ও পরিচয় দেখতে পারেন।
সম্প্রতি বিষয়টি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এমপির নজরে আসে। তিনি তাৎক্ষণিকভাবে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। মন্ত্রীর হস্তক্ষেপে মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা দ্রুত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ১৬ নভেম্বর সংশোধিত প্রজ্ঞাপন জারি করে।
এ ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধা, ক্রীড়াপ্রেমী ও সচেতন মহলের অনেকে।
তাদের মতে, জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদনে প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়ার পরও একজন বীর মুক্তিযোদ্ধাকে দীর্ঘদিন ভুল পরিচয়ের কারণে ভোগান্তিতে থাকতে হয়েছে। মন্ত্রীর হস্তক্ষেপে সেই ভোগান্তির অবসান হওয়া ইতিবাচক ঘটনা।
অবশেষে সরকারি গেজেটে নিজের প্রকৃত নাম ও পরিচয় অন্তর্ভুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রাণ গোবিন্দ কুন্ডু। দীর্ঘদিনের অপেক্ষার অবসানে তিনি নিজের মুক্তিযোদ্ধা পরিচয়ের যথাযথ সরকারি স্বীকৃতি পেলেন।





