দুই বছরের বেশি সময় ধরে ভারতে নির্বাসনে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন বলে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে। তবে তাঁর এই ঘোষণার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই দেশে ফিরে আসার অনুমতি দেওয়া হবে না।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী ১৯৭১ সালের মহান বিজয় দিবসে তাঁর দেশে ফেরার পরিকল্পনার কথা জানান। বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের বিমানেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। তাই সংবিধান পরিপন্থীভাবে নির্বাসনে পাঠানো সাবেক এই প্রধানমন্ত্রীকে ১৬ ডিসেম্বর দিল্লি থেকে ঢাকায় ফিরিয়ে আনতে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে বাতিল হওয়া পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র ফেরত চেয়েছেন তিনি।
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা। বিশ্লেষকদের মতে, চলতি মাসের শুরুতে তাঁর নতুন পাসপোর্ট ও নথিপত্রের আবেদনের পর থেকেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘিরে সহিংসতা বেড়েছে এবং নতুন এই ঘোষণায় রাজনৈতিক ও আইনি উত্তেজনা আরও বাড়তে পারে।
এদিকে, মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কঠোর অবস্থান ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘বাস্তবতা হলো, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই ফিরে আসতে দেওয়া হবে না। তিনি (শেখ হাসিনা) সাধারণ বাণিজ্যিক যাত্রী নন; তাঁকে শুধু হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মাধ্যমেই ফিরিয়ে আনা সম্ভব।’
প্রতিমন্ত্রী আরও মন্তব্য করেন, ‘মনের জ্বালায় পয়সা দিয়ে অনেক লেখাই লেখানো যায়, কিন্তু বাস্তবতা আর প্রত্যাশা এক নয়। খাটে ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখে প্লেনে বা হেঁটে বাংলাদেশে চলে আসার কল্পনা করা যেতে পারে, কিন্তু বাস্তবতা ভিন্ন।’ আগুন সন্ত্রাসের কারণে দেশের মানুষ আতঙ্কিত নয় বরং সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। ওই অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেন। এর আগে গত রোববারও সরকারের একজন মন্ত্রী রয়টার্সকে জানিয়েছিলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে এবং তাঁকে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের সঙ্গে কোনো সরকারি আলোচনা হয়নি। তবে নির্বাসনে থাকা অবস্থায় শুরু থেকেই নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন শেখ হাসিনা।





