দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে সুদূরপ্রসারী পরিকল্পনা তৈরি করেছে বাংলাদেশ হকি ফেডারেশন।
এই স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশকে আশার আলো দেখাচ্ছে বর্তমান বিশ্ব র্যাঙ্কিং। বর্তমানে ২৮তম স্থানে রয়েছে বাংলাদেশ। ২০৩০ সালের হকি বিশ্বকাপে জায়গা পাবে র্যাঙ্কিংয়ের শীর্ষ ২৪ দল।
এখনো চার বছর সময় হাতে থাকায় বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লক্ষ্যে একটি রূপরেখা তৈরি করেছে হকি ফেডারেশন। এই পরিকল্পনার মাধ্যমে দলটি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে বলে আশা করছে তারা।
ফেডারেশনের কর্মকর্তারা স্বীকার করেছেন, এই পথ সহজ হবে না। বর্তমান র্যাঙ্কিং ধরে রাখাই কঠিন। আর বিশ্বকাপে জায়গা করে নেওয়া হবে আরও বড় চ্যালেঞ্জ।
তবে পরিকল্পনা বাস্তবায়নের কাজ নীরবে এগিয়ে চলছে। ইউরোপের লিগে খেলার সুযোগ, আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা বৃদ্ধি এবং ঘরোয়া প্রতিযোগিতা পুনরুজ্জীবিত করার মাধ্যমে জাতীয় দলকে শক্তিশালী করার দিকে নজর দিচ্ছে ফেডারেশন।
দীর্ঘমেয়াদি কৌশলের অংশ হিসেবে আগামী তিন বছরে অন্তত ৫০ জন খেলোয়াড়কে ইউরোপের বিভিন্ন লিগে পাঠানোর পরিকল্পনা করেছে ফেডারেশন। এর মাধ্যমে দেশের আন্তর্জাতিক র্যাঙ্কিং ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে চায় তারা।
হকি ফেডারেশনের অ্যাডহক কমিটির যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স বাসসকে বলেন, “প্রাথমিক পরিকল্পনা হলো পুরুষ জাতীয় দলের ২০ জন খেলোয়াড়কে ইউরোপের বিভিন্ন ক্লাবে পাঠানো। এরই মধ্যে ১৩ জন খেলোয়াড়কে চিহ্নিত করা হয়েছে। বাকি সাতজনকে বাছাইয়ের চেষ্টা চলছে। পাশাপাশি প্রথমবারের মতো নারী দলের ছয়জন খেলোয়াড়কে ইউরোপীয়ান দলে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।”
জার্মান কোচ গেরহার্ড পিটারের সঙ্গে প্রস্তাবিত চুক্তি এই কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এর লক্ষ্য খেলোয়াড়দের উচ্চমানের প্রশিক্ষণ এবং প্রতিযোগিতামূলক হকিতে নিয়মিত খেলার সুযোগ করে দেওয়া।
পরিকল্পনা অনুযায়ী, আগামী এপ্রিল থেকে খেলোয়াড়রা ইউরোপের বিভিন্ন লিগে তিন মাস খেলতে পারেন। এ সময়ে পোল্যান্ড, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, ফ্রান্স ও স্পেনসহ বিভিন্ন দেশের দলের বিপক্ষে ১৫ থেকে ২০টি আন্তর্জাতিক ম্যাচ খেলার লক্ষ্য রয়েছে বাংলাদেশের।
প্রিন্স বলেন, “আমরা দীর্ঘমেয়াদি সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে জাতীয় দলকে নতুন করে গড়ে তুলতে চাই। আমাদের খেলোয়াড়েরা যদি নিয়মিত ইউরোপের লিগে খেলতে পারে এবং বেশি আন্তর্জাতিক ম্যাচে অংশ নেয়, তাহলে তাদের পারফরম্যান্স ও বিশ্ব র্যাঙ্কিং উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।”
তিনি জানান, বর্তমানে বিশ্ব র্যাঙ্কিংয়ে ২৮তম স্থানে থাকা বাংলাদেশ আগামী দুই বছরের মধ্যে শীর্ষ ২৪-এ উঠতে চায়।
ফেডারেশনের বর্তমান পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের শুরুর দিকে চিলি অথবা কানাডায় অনুষ্ঠেয় চূড়ান্ত বাছাইপর্বের মাধ্যমে ২০২৮ অলিম্পিক বাছাই টুর্নামেন্টে জায়গা করে নেওয়াই বাংলাদেশের চূড়ান্ত লক্ষ্য।
ফেডারেশন মনে করে, নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ নিশ্চিত করা এবং জাতীয় দলকে শক্তিশালী করতে পারলে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন বাস্তবসম্মত লক্ষ্য হয়ে উঠতে পারে।
বাংলাদেশের এই কৌশলের আদর্শ হিসেবে দক্ষিণ আফ্রিকাকে বিবেচনা করা হচ্ছে। প্রিন্সের মতে, দক্ষিণ আফ্রিকার প্রায় ৩৯ জন খেলোয়াড় ইউরোপের বিভিন্ন লিগে খেলেন। এর ফলে দেশটি বিশ্বসেরা ১৫ দলের মধ্যে নিজেদের অবস্থান ধরে রাখতে পেরেছে।
বাংলাদেশেরও সর্বোচ্চ পর্যায়ে খেলার সামর্থ্য রয়েছে এমন কয়েকজন সম্ভাবনাময় খেলোয়াড় আছেন। তাঁদের মধ্যে রয়েছেন আমিরুল ও আশরাফুল। প্রিন্স জানান, আমিরুল ইতোমধ্যে ভারতের কয়েকটি ফ্র্যাঞ্চাইজি দলের কাছ থেকে আমন্ত্রণ পেয়েছেন।
তিনি মনে করেন, বর্তমান দলে ছয় থেকে সাতজন মানসম্পন্ন খেলোয়াড় রয়েছেন। উদীয়মান প্রতিভাদের সঙ্গে তাঁদের সমন্বয়ে একটি প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ জাতীয় দল গড়ে তোলা সম্ভব।
তবে এই উচ্চাভিলাষী কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন প্রিন্স।
ফেডারেশন সরকারি তহবিল থেকে ৫০ কোটি টাকা বরাদ্দের অনুমোদন পেয়েছে। এই বরাদ্দ বাড়িয়ে ১০০ কোটি টাকা করার জন্য সরকারের কাছে আবেদনও জানিয়েছে তারা।
প্রস্তাবিত ১০০ কোটি টাকা স্থায়ী আমানত হিসেবে রাখা হবে। সেখান থেকে মাসে প্রায় ৭০ লাখ টাকা সুদ আয় হবে বলে আশা করছে ফেডারেশন। এই অর্থ প্রশিক্ষণ ক্যাম্প ও জাতীয় দলের অন্যান্য ব্যয় মেটাতে ব্যবহার করা হবে।
সরকার ফেডারেশনকে আরও সহায়তার আশ্বাস দিয়েছে। পাশাপাশি করপোরেট পৃষ্ঠপোষক আকৃষ্ট করতে একটি কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে।
প্রিন্স বলেন, “ক্রীড়া মন্ত্রণালয়ে জমা দেওয়ার জন্য আমরা এক বছরের একটি সমন্বিত উন্নয়ন পরিকল্পনাও তৈরি করছি।”
প্রায় সাড়ে তিন বছর বিরতির পর ঘরোয়া প্রতিযোগিতা পুনরুজ্জীবিত করাও ফেডারেশনের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে জানান তিনি।
তিনি বলেন, “গত ৮ নভেম্বর প্রথম বিভাগ লিগ শেষ হয়েছে। আগামী মাসে দ্বিতীয় বিভাগ প্রতিযোগিতা শুরু হওয়ার কথা রয়েছে।
“মে মাসে খেলোয়াড় দলবদলের পর জুনে প্রিমিয়ার বিভাগ লিগ আয়োজনের প্রাথমিক সূচি নির্ধারণ করা হয়েছে।”
তবে শীর্ষ ঘরোয়া প্রতিযোগিতা শুরুর আগে নেশন্স কাপ ও দক্ষিণ এশীয় গেমসে জাতীয় দলের অংশগ্রহণকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন।
টেকসই খেলোয়াড় সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে তৃণমূল পর্যায়ের উন্নয়নেও নজর দিচ্ছে ফেডারেশন।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দল কায়রোতে বিশ্বকাপে অংশ নেওয়ার কথা রয়েছে। দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন কৌশলের মূল ভিত্তি হবে অনূর্ধ্ব-২১ ও জাতীয় দল।
স্কুল পর্যায়ে হকি না থাকা এবং ঢাকার বাইরে সীমিত প্রতিযোগিতার কারণে প্রতিভা খুঁজে বের করার কাজ বাধাগ্রস্ত হয়েছে। আগামী বছর হকি অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সরকারের ‘নতুন কুঁড়ি’ কর্মসূচিতে। এই কর্মসূচিকে কাজে লাগিয়ে তরুণ প্রতিভা খুঁজে বের করার আশা করছে ফেডারেশন।
বয়সভিত্তিক দলের জন্য বিদেশি কোচ নিয়োগের বিষয়টিও বিবেচনা করছে তারা। গত চার-পাঁচ বছর ধরে বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে কাজ করা মালয়েশীয় কোচ গোপির সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
প্রিমিয়ার বিভাগ প্রতিযোগিতার পর ফ্র্যাঞ্চাইজিভিত্তিক হকি লিগ চালুর পরিকল্পনাও রয়েছে ফেডারেশনের। এর মাধ্যমে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করা এবং খেলোয়াড়দের আর্থিক সুযোগ-সুবিধা বাড়ানোই লক্ষ্য।
অলিম্পিক বাছাইপর্বের প্রস্তুতি হিসেবে আগামী বছরের নভেম্বর বা ডিসেম্বরে ঢাকায় একটি আন্তর্জাতিক আমন্ত্রণমূলক টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাবও বিবেচনা করা হচ্ছে।
তবে এই পরিকল্পনা বাস্তবায়ন নির্ভর করছে জাতীয় হকি স্টেডিয়ামের কৃত্রিম টার্ফ পরিবর্তনের ওপর। টার্ফটির কার্যক্ষমতার মেয়াদ শেষ হয়ে গেছে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের জন্য এটি আর উপযুক্ত নয়।
ফেডারেশন আশা করছে, শিগগিরই নতুন টার্ফ স্থাপনের কাজ শুরু হবে। এ বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয়কেও প্রয়োজনীয় সংস্কারের কথা জানানো হয়েছে।
ঘরোয়া হকিতে বছরের পর বছর স্থবিরতা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আশাবাদী ফেডারেশন।





