দেশের তৈরি পোশাকশিল্পের ইতিহাসে অন্যতম ভয়াবহ অগ্নিকাণ্ড ‘তাজরীন ট্র্যাজেডি’র ১৪ বছর পূর্ণ হয়েছে। দীর্ঘ এক যুগের বেশি সময় পার হলেও এখনো শেষ হয়নি বিচারিক প্রক্রিয়া, মেলেনি কাঙ্ক্ষিত ক্ষতিপূরণ কিংবা সুচিকিৎসা। অগ্নিকাণ্ডে কর্মক্ষমতা হারিয়ে চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়া অনেক শ্রমিক এখন পরিবার নিয়ে আশ্রয় নিয়েছেন তাজরীন ফ্যাশনসের সেই পরিত্যক্ত ও পোড়া ভবনেই।
২০১২ সালের ২৪ নভেম্বর ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুরে তুবা গ্রুপের মালিকানাধীন তাজরীন ফ্যাশনস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১২ জন পোশাকশ্রমিক প্রাণ হারান এবং আহত হন আরও অনেকে। এই মর্মান্তিক ঘটনার পর দেশের পোশাক খাতের কর্মপরিবেশ ও কারখানার নিরাপত্তা নিয়ে দেশ-বিদেশে ব্যাপক আলোচনা হয় এবং নানা সংস্কারমূলক উদ্যোগও নেওয়া হয়। গত দেড় দশকে শিল্পের পরিধি ও রপ্তানি আয় বহুগুণ বাড়লেও উপেক্ষিতই রয়ে গেছেন সেদিনের ক্ষতিগ্রস্ত শ্রমিকেরা।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শারীরিক অক্ষমতা ও আর্থিক অনটনের কারণে বাসাভাড়া পরিশোধের সামর্থ্য হারিয়ে গত বছরের ২৪ ডিসেম্বর থেকে কয়েকজন আহত শ্রমিক পরিবার নিয়ে তাজরীনের পরিত্যক্ত ভবনের নিচে আশ্রয় নিয়েছেন। প্রায় ১১ মাস ধরে সেখানে মানবেতর জীবনযাপন করছেন তাঁরা। একসময় যে ভবন ছিল তাঁদের জীবিকার উৎস, আজ সেটিই তাঁদের অসহায় জীবনের একমাত্র আশ্রয়স্থল।
তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর পূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার (২৪ নভেম্বর) কারখানা ভবনের সামনে ফুল দিয়ে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। এসব কর্মসূচি থেকে ঘটনার দ্রুত বিচার, ন্যায্য ক্ষতিপূরণ, আজীবন সুচিকিৎসা ও স্থায়ী পুনর্বাসনের জোর দাবি জানানো হয়।
এ ছাড়া তাজরীনের পরিত্যক্ত ভবনে শ্রমজীবী মানুষের জন্য বিশেষায়িত হাসপাতাল ও আবাসন নির্মাণের দাবি তুলেছেন শ্রমিক নেতারা। পাশাপাশি আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন-১২১ অনুযায়ী কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা। ১৪ বছর পরও স্বজন হারানো পরিবার ও আহত শ্রমিকদের একটাই প্রশ্ন—আর কত দিন অপেক্ষা করতে হবে ন্যায্য অধিকার ও বিচারের জন্য?





