কোচিং স্টাফ পরিবর্তনের পর আইপিএলের পরবর্তী আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক কে হবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। ফ্র্যাঞ্চাইজিটির সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি রহস্যময় পোস্ট দেখে ভক্তদের মনে হচ্ছে, রোহিত শর্মা হয়তো আবারও নেতৃত্বের ভূমিকায় ফিরে আসতে পারেন।
পাঁচবারের চ্যাম্পিয়ন এই দলটি বুধবার একটি ছবি পোস্ট করেছে, যেখানে দেখা যাচ্ছে একটি অ্যানিমেটেড হাত মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ ধরে আছে। ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া না হলেও, সমর্থকরা দ্রুতই এই ছবিটির সঙ্গে রোহিত শর্মার যোগসূত্র খুঁজে পেয়েছেন। যার নেতৃত্বে দলটি আইপিএলে পাঁচটি শিরোপাই জিতেছিল।
কেউ কেউ এই ছবিটির সঙ্গে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের পর রোহিতের উদযাপনের তুলনা করছেন, যেখানে তাকে জাতীয় পতাকা উঁচিয়ে ধরতে দেখা গিয়েছিল। আবার অনেকে ২০১৩ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম আইপিএল জয়ের সময়ের উদযাপনের কথা স্মরণ করছেন; সেটি ছিল অধিনায়ক হিসেবে রোহিতের প্রথম মৌসুম।
ফ্র্যাঞ্চাইজিটিতে বড় ধরনের পরিবর্তনের এই সময়ে পোস্টটি এল। হার্দিক পান্ডিয়া এখন পাঞ্জাব কিংসে যোগ দিচ্ছেন; এই অদলবদলের অংশ হিসেবে ভারতীয় পেসার আর্শদীপ সিং আসছেন মুম্বাই ইন্ডিয়ান্সে। হার্দিকের চলে যাওয়ার ফলে ২০২৭ মৌসুমে দলের নেতৃত্ব কে দেবেন, সেই প্রশ্নটি আবারও সামনে চলে এসেছে।
অক্টোবর মাসে বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছিল, মুম্বাই ইন্ডিয়ান্স আবারও রোহিতের হাতে নেতৃত্বের ভার তুলে দেওয়ার কথা বিবেচনা করছে; কারণ ফ্র্যাঞ্চাইজিটির সাফল্যের মূলে রয়েছে রোহিতের রেকর্ড। তার নেতৃত্বেই মুম্বাই ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে আইপিএল শিরোপা জিতেছিল। তবে ২০২৪ মৌসুমের আগে গুজরাট টাইটানস থেকে ফিরে আসা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করা হয় এবং রোহিতকে সরিয়ে দেওয়া হয়।
নেতৃত্বের সম্ভাব্য বিকল্প হিসেবে সূর্যকুমার যাদব ও তিলক ভার্মার নামও আলোচনায় ছিল। সূর্যকুমার মুম্বাইয়ের নেতৃত্ব ছিলেন। অন্যদিকে তিলককে দীর্ঘমেয়াদী বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং তাকে ভারতের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়কও করা হয়েছে।
আইপিএলের আগামী নিলামের আগে মুম্বাই ১৬ জন খেলোয়াড়কে ধরে রেখেছে, যার মধ্যে রয়েছেন রোহিত, সূর্যকুমার, তিলক, জাসপ্রিত বুমরাহ এবং রায়ান রিকেলটন। নিলামের জন্য ফ্র্যাঞ্চাইজিটির হাতে এখনো ৩২ কোটি ৬০ লক্ষ (৩২৬ মিলিয়ন) রুপি অবশিষ্ট রয়েছে। তবে দলটি এখনো আনুষ্ঠানিকভাবে তাদের অধিনায়কের নাম ঘোষণা করেনি। তাদের সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টটি প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে, যদিও এটি রোহিতের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করে না।
আগামী ১৬ ডিসেম্বর গোয়াতে আইপিএল পরবর্তী আসরের নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে অধিনায়কত্বের বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে বলে আশা করা হচ্ছে।





