শঙ্কা কাটিয়ে বাংলাদেশে এখন করোনা নিয়ন্ত্রণে: নৌ-প্রতিমন্ত্রী

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে বহু প্রাণহানির শঙ্কা থাকলেও শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশে এখন করোনা নিয়ন্ত্রণে রয়েছে। করোনায় সমগ্র পৃথিবী যখন মুখ থুবড়ে পড়েছে তখন বাংলাদেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে। 

লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাট বাস টার্মিনালে লক্ষ্মীপুর-ঢাকা নৌপথের ড্রেজিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে শনিবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বিশ্ব ব্যাংক, ড. ইউনূছ ও খালেদা জিয়ার সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আজকে পদ্মা সেতু দৃশ্যমান। শেখ হাসিনার নেতৃত্বে আপনারা জনগণ ঐক্যবদ্ধভাবে আছেন বলেই সমগ্র বাংলাদেশে উন্নয়ন কর্মকাণ্ড চলমান রয়েছে। এরই ধারাবাহিকতাই ৫০ কোটি টাকা ব্যয়ে লক্ষ্মীপুর-ঢাকা নৌপথে ড্রেজিং কার্যক্রম শুরু হচ্ছে। 

বিএনপি-জামায়াতের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ড্রেজিং কার্যক্রমের মাধ্যমে এ নৌ-রুটে লঞ্চসহ সকল নৌ যানবাহন ও যাত্রীদের সহজ যাতায়াতে লক্ষ্মীপুরসহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের লাখো মানুষ এর সুফল পাবে। এতে করে অর্থনৈতিক বিপ্লব ঘটবে। 

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের এমপি এ কে এম শাহাজাহান কামাল, মন্ত্রাণালয়ের যুগ্ম সচিব রফিক আহমদ সিদ্দিক, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিঙ্কু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ ড্রেজিং কাজের পরিদর্শন করেন।