টলিউডে নতুন সুখবর, মা হতে চলেছেন সোহিনী

মা-বাবা হতে চলেছেন টালিউড অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। বিয়ের দুই বছর পূর্ণ হওয়ার পর দুই থেকে তিন হওয়ার পথে এগোচ্ছেন এই তারকা দম্পতি। ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, বেশকিছু দিন ধরেই শোবিজ দুনিয়ায় জল্পনা চলছিল সোহিনীর মা হওয়ার গুঞ্জন। তারকা দম্পতি এ গুঞ্জনকে সরাসরি সত্যি না বললেও তাদের ঘনিষ্ঠজনেরা ইঙ্গিত দিচ্ছেন সুখবরের।

ব্যক্তিগত জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে এখনই প্রকাশ্যে কিছু বলতে রাজি নন তারকা দম্পতি। তবে বিশ্বস্ত একটি সূত্র বলছে, চলতি বছরেই মা-বাবা হওয়ার সুখবর দিতে পারেন এই যুগল।

সোহিনী সর্বশেষ ‘ফেরা’ সিনেমায় কাজ করেছেন। এরপরই আড়ালে রয়েছেন অভিনেত্রী। তার এই আড়ালে থাকাই আরও জোরালো করেছে মা হওয়ার গুঞ্জনকে।

২০২৪ সালের জুলাই মাসে বন্ধু এবং পরিবারের ঘনিষ্ঠদের উপস্থিতিতে সাত পাকে বাঁধা পড়েন সোহিনী-শোভন। বিয়ের দুই বছর পর তাদের সংসারে নতুন অতিথি আসার খবরে উচ্ছ্বসিত ভক্তরা। প্রিয় তারকার কাছ থেকে সুখবর শোনার অপেক্ষায় রয়েছেন তারকা দম্পতির কাছের মানুষ ও শুভাকাঙক্ষীরা।