দেড় হাজার বছরের আয়া সুফিয়ার নিচে মিলল বিশাল সুরঙ্গ ও ভূগর্ভস্থ নেটওয়ার্ক

তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত প্রায় দেড় হাজার বছরের পুরোনো ঐতিহাসিক স্থাপনা আয়া সোফিয়ার নিচে সন্ধান মিলেছে সুড়ঙ্গ ও ভূগর্ভস্থ কক্ষের বিশাল নেটওয়ার্কের। কয়েক শত মিটার দীর্ঘ এসব সুড়ঙ্গ ও গোপন কক্ষের কিছু অংশ ইতোমধ্যে খনন করে উন্মোচন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মাটির নিচে আরও বিস্তৃত অবকাঠামো লুকিয়ে রয়েছে।

বিশ্বের অন্যতম জনপ্রিয় ইউনেসকো বিশ্ব ঐতিহ্যস্থল আয়া সোফিয়ার নিচে এই আবিষ্কারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ষষ্ঠ শতকে নির্মিত বিশাল স্থাপনাটি প্রথমে গির্জা হিসেবে ব্যবহৃত হতো। এর আগে সেখানে একটি রোমান মন্দির ছিল। পরবর্তী সময়ে এটি মসজিদ, জাদুঘর এবং ২০২০ সাল থেকে আবার মসজিদ হিসেবে ব্যবহৃত হচ্ছে।

বর্তমান আয়া সোফিয়া ওই স্থানে নির্মিত চতুর্থ উপাসনালয়। ৫৩৭ খ্রিস্টাব্দে এর নির্মাণকাজ শেষ হয়। তবে সম্প্রতি আবিষ্কৃত ভূগর্ভস্থ কাঠামোর কিছু অংশ বর্তমান ভবনটিরও আগের বলে ধারণা করছে তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়।
গত বছর আয়া সোফিয়ার সংরক্ষণ ও সংস্কারে তিন বছর মেয়াদি একটি প্রকল্প শুরু হয়। এর আওতায় ভবনটির কেন্দ্রীয় গম্বুজ সংস্কার এবং ভূমিকম্প মোকাবিলার সক্ষমতা আরও বাড়ানোর কাজ চলছে। পূর্ব রোমান বা বাইজেন্টাইন সাম্রাজ্য এবং উসমানীয় সাম্রাজ্যের উত্থান-পতনের সাক্ষী স্থাপনাটিতে প্রায় দেড় হাজার বছরের ইতিহাসে এটিই সবচেয়ে বিস্তৃত সংস্কারকাজ।

আয়া সোফিয়ার নিচে সুড়ঙ্গ থাকার কথা বহু শতাব্দী ধরেই প্রচলিত ছিল। ১৯৪০-এর দশকেও সেখানে ভূগর্ভস্থ স্থাপনার সন্ধান পাওয়া যায়। এর মধ্যে ছিল চার কক্ষবিশিষ্ট একটি রোমান সমাধি কাঠামো, যা ‘হাইপোজিয়াম’ নামে পরিচিত।

২০২৫ সালের শুরুর দিকে আয়া সোফিয়ার প্রাচীন অলিন্দের নিচে ভল্টযুক্ত ভূগর্ভস্থ কক্ষ পরিষ্কারের সময় আগে অজানা এসব কাঠামোর সন্ধান পাওয়া যায়।

আবিষ্কারের পর থেকে ভূগর্ভস্থ জায়গাগুলো পরিষ্কার, নথিবদ্ধ ও সংরক্ষণের কাজ চলছে। সেখানে সুড়ঙ্গ, পানিপ্রবাহের নালা, গম্বুজাকৃতির ছাদবিশিষ্ট কক্ষ, সমাধি কাঠামো এবং পঞ্চম শতকের একটি রোমান সড়কের সঙ্গে যুক্ত বলে ধারণা করা একটি চলাচলের পথ পাওয়া গেছে।

ভূগর্ভস্থ কাঠামোগুলোর পরিষ্কারকাজের প্রতিটি ধাপ স্থলভিত্তিক লেজার স্ক্যানিং প্রযুক্তির মাধ্যমে নথিবদ্ধ করা হচ্ছে। ২০২৬ সালের মার্চে প্রকাশিত এক গবেষণায় আয়া সোফিয়া বৈজ্ঞানিক কমিটির সদস্য হাসান ফিরাত দিকের লিখেছেন, কাজ এগিয়ে গেলে এই অনন্য বিশ্ব ঐতিহ্যস্থাপনার পুরো অবকাঠামোগত ব্যবস্থা উন্মোচিত হবে।

এ পর্যন্ত ভূগর্ভস্থ অবকাঠামো থেকে প্রায় ৩ হাজার টন ধ্বংসাবশেষ সরানো হয়েছে। পরিষ্কার করা হয়েছে ৪২০ মিটার দীর্ঘ সুড়ঙ্গ। তবে এসব সুড়ঙ্গ আরও কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত ২০ নভেম্বর তুরস্কের সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী মেহমেত নুরি এরসয় আবিষ্কৃত স্থানটি পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এরসয় বলেন, ইতিহাসের বিভিন্ন পর্যায়ে ভূগর্ভস্থ এই নেটওয়ার্ক পানি সরবরাহ ও বৃষ্টির পানি নিষ্কাশনের গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়েছে। তার মতে, ‘আয়া সোফিয়ার ভূগর্ভস্থ কাঠামো উন্মোচনের মধ্য দিয়ে আমরা ইস্তাম্বুলের ঐতিহাসিক পানি ব্যবস্থাপনা অবকাঠামো সম্পর্কেও আরও গভীরভাবে জানতে পারছি।’

এ পর্যন্ত ভূগর্ভে ছয়টি কক্ষের সন্ধান পাওয়া গেছে, যেগুলো পরস্পরের সঙ্গে যুক্ত রয়েছে নয়টি সুড়ঙ্গের মাধ্যমে। এর মধ্যে দীর্ঘতম সুড়ঙ্গের প্রায় ১৮০ মিটার পরিষ্কার করা হয়েছে।

এরসয় জানান, সুড়ঙ্গটির এই অংশ সম্ভবত একটি রোমান সড়কের সঙ্গে সম্পর্কিত। এটি আয়া সোফিয়ার প্রবেশমুখের সামনের অংশের সমান্তরালে বিস্তৃত। ফাতিহ মাদ্রাসার সামনের দিক থেকে শুরু হয়ে দর্শনার্থীদের প্রবেশপথের দিকে এগিয়েছে সুড়ঙ্গটি।

আয়া সোফিয়ার ‘ভিজিয়ের গার্ডেন’ নামে পরিচিত এলাকার নিচে রয়েছে রোমান সমাধি কাঠামোটি। সেখানে পরিষ্কারকাজ চালাতে গিয়ে কাদায় ঢাকা মেঝের প্রায় পাঁচ ফুট গভীরে পৌঁছান কর্মীরা। এরসয়ের ধারণা, এই অংশটি বর্তমান আয়া সোফিয়া নির্মাণেরও আগের সময়ের। ফলে স্থাপনাটির নিচে বিভিন্ন যুগের নির্মাণস্তরও সামনে আসছে।

সংরক্ষণ ও নথিবদ্ধ করার কাজের পাশাপাশি ভূগর্ভস্থ ঐতিহাসিক সম্পদ সাধারণ মানুষের সামনে তুলে ধরতে চায় তুরস্কের সরকার। উপযুক্ত কিছু অংশ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে কবে নাগাদ তা করা হবে, সে বিষয়ে এখনো কোনো সময়সীমা ঘোষণা করা হয়নি।

ইতিহাসবিদ ও পর্যটন গাইড হাসান বারিশ পারতাল বলেন, এই আবিষ্কার সাম্প্রতিক বছরগুলোতে ইস্তাম্বুলের সাংস্কৃতিক পর্যটনের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা হয়ে উঠতে পারে। তার মতে, ‘এই অসাধারণ স্থাপনার নিচে লুকিয়ে রয়েছে সাম্রাজ্যিক কনস্টান্টিনোপলের আরেকটি আকর্ষণীয় ইতিহাস।’ কনস্টান্টিনোপল ছিল ইস্তাম্বুলের প্রাচীন নাম। শহরটির বিস্তৃত মিঠাপানির সরবরাহব্যবস্থার ইতিহাসও এর সঙ্গে জড়িত।

পারতালের ধারণা, ভূগর্ভস্থ পানিপ্রবাহের এসব পথ প্রাচীন শহরের বিশাল জলাধার ও জলপ্রবাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকতে পারে। এগুলো কনস্টান্টিনোপলের উন্নত প্রকৌশল জ্ঞানের গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে উঠতে পারে।

তিনি বলেন, আয়া সোফিয়ার নিচের এসব জায়গায় হাঁটার অভিজ্ঞতা ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার নিচে অবস্থিত ভূগর্ভস্থ সমাধিক্ষেত্র ঘুরে দেখার মতো হতে পারে। সেখানে অনেক পোপকে সমাহিত করা হয়েছে। যদিও দুই জায়গার ঐতিহাসিক ব্যবহার ভিন্ন, তবে বিখ্যাত স্থাপনার নিচে আরেকটি অজানা জগৎ আবিষ্কারের অভিজ্ঞতা দুটিতেই রয়েছে।

বর্তমান আয়া সোফিয়া নির্মিত হয়েছিল পূর্ব রোমান সাম্রাজ্যের সম্রাট প্রথম জাস্টিনিয়ানের নির্দেশে। তখন কনস্টান্টিনোপল ছিল সাম্রাজ্যের রাজধানী। এর আগে একই স্থানে আরও দুটি গির্জা নির্মিত হয়েছিল। সেগুলোও একটি পৌত্তলিক রোমান মন্দিরের ওপর তৈরি করা হয়েছিল।

৫৩২ খ্রিষ্টাব্দে শুরু হওয়া পাঁচ বছরের নির্মাণকাজের সময় জাস্টিনিয়ান তার প্রাদেশিক শাসকদের নিজ নিজ অঞ্চলের প্রাচীন ধ্বংসাবশেষ থেকে মূল্যবান নিদর্শন সংগ্রহ করে কনস্টান্টিনোপলে পাঠানোর নির্দেশ দেন। সেসব নিদর্শন আয়া সোফিয়া নির্মাণে ব্যবহার করা হয়েছিল। স্থাপনাটি নির্মাণে সে সময় প্রায় ৭ কোটি ৫০ লাখ ডলার ব্যয় হয়েছিল বলে ধারণা করা হয়, যা বর্তমান মূল্যমান অনুযায়ী প্রায় ১৩০ কোটি ডলারের সমান।

সূত্র : সিএনএন