পর্যটন স্পটগুলোর উন্নয়নে মহাপরিকল্পনা করছে সরকার: পর্যটনমন্ত্রী

দেশের পর্যটন স্পটগুলোর উন্নয়ন ও পর্যটনশিল্পের টেকসই বিকাশে মহাপরিকল্পনা প্রণয়নের কাজ করছে সরকার।

দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন স্পট নিয়ে তৈরি এ মহাপরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর হাতিরঝিলে ‘রান ফর ট্যুরিজম, রান ফর ক্লিন এয়ার’ স্লোগানে আয়োজিত মিডিয়া রান-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পর্যটনমন্ত্রী বলেন, পর্যটন মানে শুধু নতুন নতুন জায়গা ভ্রমণ নয়। পর্যটন মানে প্রকৃতিকে জানা, দেশকে চেনা এবং সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়া। বাংলাদেশের পাহাড়, সমুদ্র, নদী, হাওর, বন, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও বৈচিত্র্যময় সংস্কৃতি অমূল্য সম্পদ। এসব সম্পদ সংরক্ষণ করতে পারলেই পর্যটনশিল্পের টেকসই বিকাশ সম্ভব।

তিনি বলেন, পর্যটনের বিকাশে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বায়ুদূষণ, প্লাস্টিক বর্জ্য, অপরিকল্পিত নগরায়ণ ও পরিবেশের অবক্ষয় বড় চ্যালেঞ্জ। সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে মানুষ নির্মল বাতাসে শ্বাস নিতে পারবে এবং নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে ভ্রমণ করতে পারবে।

এ সময় হাতিরঝিলের মতো কক্সবাজারসহ দেশের অন্যান্য পর্যটনকেন্দ্রেও মিডিয়া রানের মতো কর্মসূচি আয়োজনের আহ্বান জানান মন্ত্রী।

এর আগে শনিবার সকালে হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে শুরু হয় মিডিয়া রান-২০২৬। এতে সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন পেশার প্রায় এক হাজার পেশাদার ও অপেশাদার দৌড়বিদ অংশ নেন।

‘রান ফর ট্যুরিজম, রান ফর ক্লিন এয়ার’ স্লোগানে আয়োজিত এ প্রতিযোগিতায় সাড়ে ৭ কিলোমিটার রান ও ২ কিলোমিটার ফান রান=দুটি ক্যাটাগরি ছিল। গণমাধ্যমকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে পর্যটন প্রচার, সুস্থ জীবনযাপন ও নির্মল পরিবেশের বার্তা তুলে ধরা হয়।

অনুষ্ঠান শেষে তিনটি ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পর্যটনমন্ত্রী। এ সময় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।