অতীতের সরকার অলিগার্কিক ব্যবস্থার মধ্য দিয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, ‘প্রকৃত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অলিগার্কিক ব্যবস্থা থেকে এ খাতকে পুনরুদ্ধার ও সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার।’
আজ শনিবার সকালে তিন দিনব্যাপী বাংলাদেশ এনার্জি কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘আমদানিনির্ভর ও জীবাশ্ম জ্বালানিকেন্দ্রিক ব্যবস্থা থেকে বেরিয়ে বহুমুখী, দক্ষ ও পরিবেশবান্ধব জ্বালানিব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য।’
তিনি বলেন, ‘প্রকৃত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অলিগার্কিক ব্যবস্থা থেকে এ খাতকে পুনরুদ্ধার ও সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার।’
এ সময় নবায়নযোগ্য জ্বালানি তহবিল গঠনের পরিকল্পনাসহ জ্বালানি খাতকে শক্তিশালী ও টেকসই করার ওপর জোর দেন তিনি।
এ ছাড়া মাতারবাড়ীকে এনার্জি হাব হিসেবে গড়ে তোলার পাশাপাশি বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কম্পানি লিমিটেডকে (বাপেক্স) আধুনিকায়নের পরিকল্পনার কথাও তুলে ধরেন রাশেদ আল মাহমুদ তিতুমীর।





