৩০ লাখ টাকার অষ্টধাতুর মূর্তি  উদ্ধার করল ২০ বিজিবি

দিনাজপুরের হিলি সীমান্ত সংলগ্ন ছোট যমুনা নদীর পাড় থেকে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের প্রাচীন অষ্টধাতুর মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৮ নভেম্বর) রাত ১টা ৪০ মিনিটে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, আটাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তের মেইন পিলার ২৮৪/৯-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেইলি ব্রিজ সংলগ্ন ছোট যমুনা নদীর পাড়ে মূর্তিটি লুকিয়ে রাখা হয়েছিল। নির্ভরযোগ্য স্থানীয় সূত্রে তথ্য পেয়ে ২০ বিজিবির দুটি টহলদল অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি উদ্ধার করে। পাচারকারীরা মূর্তিটি ভারতে পাচারের চেষ্টা করছিল বলে ধারণা করছে বিজিবি।

উদ্ধার করা মূর্তিটি রাধা-কৃষ্ণ ও গরুর অবয়বযুক্ত অষ্টধাতুর প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এর ওজন ১৪ কেজি ৯০০ গ্রাম। হলমার্ক ল্যাবের পরীক্ষার প্রতিবেদন সাপেক্ষে মূর্তিটির আনুমানিক সিজার মূল্য ২৯ লাখ ৩৩ হাজার ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।