ডিসেম্বরের পর ধানমন্ডিতে ঝুলন্ত তার রাখা হবে না: ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস

সময় বাড়িয়ে দেয়ার পরও ঝুলন্ত তার অপসারণ করে মাটির নিচ দিয়ে নেয়ার কাজের অগ্রগতি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে মাটির নিচ দিয়ে ক্যাবল নেয়ার কাজ পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ডিসেম্বরের পর ধানমন্ডিতে আর কোন ঝুলন্ত তার রাখা হবে না।

এদিকে কোয়াব বলছে, যেহেতু এটি মাটির নিচ দিয়ে নেয়া হচ্ছে তাই কাজটি কিছুটা সময় সাপেক্ষ।

ঢাকা শহরের মূল সড়ক থেকে শুরু করে সকল অলিগলি, সব জায়গাতেই এমন ক্যাবলের ছড়াছড়ি। এতে সৌন্দর্যহানির পাশাপাশি ঝুঁকিও বাড়ছে প্রতিনিয়ত। এসব বিবেচনায় ঢাকায় ঝুলে থাকা সব ক্যাবল সরিয়ে নেয়ার উদ্যোগ নিয়ে মাস দুয়েক আগে ক্যাবল অপসারণে নামে দক্ষিণ সিটি করপোরেশন।

পরে কোয়াব থেকে এর প্রতিবাদ করা হয়। পাশাপাশি ভুগর্ভস্থ লাইন থেকে ক্যাবল প্রতিস্থাপনের কথা বলা হলে প্রথমে নভেম্বর ও পরে ডিসেম্বর পর্যন্ত ঝুলন্ত ক্যাবল অপসারণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সিটি করপোরেশন।

দুপুরে ধানমন্ডিতে ভুগর্ভস্থ ক্যাবল প্রতিস্থাপনের পাইলট প্রকল্পের কাজের অগ্রগতি দেখতে যান দক্ষিণের মেয়র। সে সময়ে ডিসেম্বরের পর আর সময় বাড়ানো হবে না জানিয়ে মেয়র বলেন, তারা এখন যে পর্যায়ে রয়েছে, সেটার জন্য আমি সন্তুষ্টি প্রকাশ করতে পারছি না। আমি চেয়েছিলাম তারা ডিসেম্বরের মধ্যে পুরো কাজটা শেষ করবে।

তবে কোয়াব জানায়, যেহেতু এই পদ্ধতি দেশে নতুন, তাই এতো স্বল্প সময়ে ভূগর্ভ থেকে ক্যাবল টানা সম্ভব নয়। জানুয়ারি ও ফেব্রুয়ারির মধ্যে ধানমন্ডি এলাকা ক্যাবলমুক্ত হবে বলে আশা প্রকাশ করে সংস্থাটি। ধানমন্ডির পর পর্যায়ক্রমে পুরো ঢাকার সকল ক্যাবল মাটির নিচ থেকে নেয়া হবে বলেও জানান তারা।