লিগ পর্বে আট ম্যাচের মধ্যে গাজী গ্রুপ চট্টগ্রামের একমাত্র হারটি ছিল বেক্সিমকো ঢাকার বিপক্ষে। অবশ্য এই দলের বিপক্ষে জিতে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরু করেছিল তারা। ভাগ্যের চাকা ঘুরে দ্বিতীয় কোয়ালিফায়ারে দেখা হয়ে গেলো দুই দলের। মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলায় ফাইনালে ওঠার লড়াইয়ে ঢাকাকে ১১৬ রানে গুটিয়ে দিলো চট্টগ্রাম।
টস জিতে ব্যাট করতে নেমে টপ অর্ডারদের ব্যর্থতা শেষ পর্যন্ত ঢাকার রানের পুঁজিকে বড় করতে দেয়নি। ইনিংস সেরা ২৫ রান করেন অধিনায়ক মুশফিকুর রহিম ও আল-আমিন। মুশফিক খেলেন ৩১ বল, আর আল-আমিন ১৮টি।
ইয়াসির আলীর ব্যাটে আসে দ্বিতীয় সেরা ২৪ রান। তৃতীয় ও চতুর্থ ওভারে ১৯ রানের মধ্যে দুই ওপেনার সাব্বির রহমান (১১) ও মুক্তার আলীর (৭) বিদায় ঢাকাকে বড় ধাক্কা দেয়। মুশফিকের সঙ্গে মোহাম্মদ নাঈম ৩১ রানের জুটি গড়ে ফিরে যান। ইনিংস শেষে ঢাকার এটাই ছিল সেরা জুটি।
১৯তম ওভারে মোস্তাফিজুর রহমান টানা দুই বলে আল-আমিন ও নাসুম আহমেদকে ফিরিয়ে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেছিলেন। শেষ পর্যন্ত এই বাঁহাতি পেসার ৩ উইকেট নিয়ে চট্টগ্রামের সেরা বোলার। দুটি উইকেট পান শরীফুল ইসলাম। বাদ যাননি রাকিবুল হাসান, নাহিদুল ইসলাম, মোসাদ্দেক হোসেন ও সৌম্য সরকারও। প্রত্যেকে পান একটি করে উইকেট।





