সিএনজি তল্লাশী করে ১০ হাজার ইয়াবা উদ্ধার করল কুকুর

কক্সবাজারের মরিচ্যা যৌথ চেকপোস্টে কুকুর দ্বারা তল্লাশী করে কৌশলে লুকায়িত অবস্থায় বার্মিজ ইয়াবাসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযানসহ চেকপোষ্ট সমূহে বিজিবি সদস্যদের পাশাপাশি প্রশিক্ষিত কুকুর দ্বারা ২৪ ঘণ্টা তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় আজ সকাল ৯টা ৩০ মিনিটে কক্সবাজার রিজিয়নের আওতাধীন কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) মরিচ্যা যৌথ চেকপোস্টে ডগ চার্লি দ্বারা কুতুপালং থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী একটি সিএনজি তল্লাশী করা হয়েছে।

তিনি আরও জানান, তল্লাশীকালীন সময়ে সিএনজির নিচে চ্যাসিসের সঙ্গে কালো কসটেপ দ্বারা মোড়ানো কৌশলে লুকায়িত অবস্থায় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।

বিজিবি জানিয়েছে, এ সময় নুর মোহাম্মদ (২০) নামের এক ব্যাক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রসঙ্গত, বিজিবিতে মোট ৬৫টি কুকুর দ্বারা সারা দেশের বিভিন্ন বিমানবন্দর, আইসিপি ও চেকপোষ্ট সমূহে এবং বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অত্যন্ত সফলতার সাথে মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র-গোলাবারুদ এবং বিষ্ফোরকদ্রব্য উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে কক্সবাজার ব্যাটালিয়নে (৩৪ বিজিবি) বিদ্যমান ৬টি ডগ দ্বারা মরিচ্যা ও রেজুখাল যৌথ চেকপোষ্টে সর্বদা মাদক ও বিষ্ফোরক বিরোধী তল্লাশী কার্যক্রম পরিচালিত হচ্ছে।