আজ সন্ধ্যায় ঘরোয়া ফুটবলে ফিরছে বাংলাদেশ

দীর্ঘ ৯ মাস পর আজ মঙ্গলবার ফেডারেশন কাপ দিয়ে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ফুটবল। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি গতবারের দুই ফাইনালিস্ট বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। 

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৫টায়। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

চলতি বছরের মার্চে করোনার কারণে পরিত্যক্ত হয়ে যায় ফুটবল মৌসুম। ফেডারেশন কাপ দিয়েই ‍শুরু হচ্ছে ২০২০-২১ মৌসুম। সব শেষ আসরে রহমতগঞ্জকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় বসুন্ধরা কিংস। এবার শুরুতেই দেখা হচ্ছে দুই দলের। এবারও শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চান বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন। 

তিনি বলেন, ‘এএফসি কাপ বাতিল হলেও আমরা অনুশীলন বন্ধ করিনি। আশা করছি এর সুফল আমরা ফেডারেশন কাপ দিয়ে পেতে শুরু করব।’

অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়নদের তুলনায় কাগজে-কলমে অনেক পিছিয়ে থাকলেও ভালো খেলার প্রত্যয় রহমতগঞ্জের কোচ সৈয়দ গোলাম জিলানীর কন্ঠে।

‘একমাস ধরে ট্রেনিং করছি। বিদেশিরা এখনও আসতে পারেনি। কেউ কাল আসবে, কেউ তার পরে। দলে জুনিয়র খেলোয়াড় আছে। তবে আশা করি, বিদেশিদের ছাড়াই কাল দল ভালো করবে।’