মালিবাগে ট্রেনের ধাক্কায় চাচা-ভাতিজার মৃত্যু

রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হলেন- নূর ইসলাম (২৭) ও তার দূর সম্পর্কের চাচা মোঃ রাকিব (২৫)। বুধবার দুপুরে খিদমাহ হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা এসিআই লিমিটেডের বিক্রয়কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

ঢাকা রেলপথ থানার ওসি রকিব উল হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, নূর ইসলাম ও রাকিব বুধবার দুপুরে পেশাগত কাজে কোথাও যাচ্ছিলেন। দুপুর পৌনে ১টার দিকে খিদমাহ হাসপাতালের বিপরীত পাশের রেললাইন পার হচ্ছিলেন তারা। এ সময় কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় তাদের মৃত্যু হয়।

নিহত নূর ইসলামের চাচাত ভাই মোঃ মনির জানান, খিলগাঁওয়ের গোড়ান এলাকার শান্তিপুরে একসঙ্গেই থাকতেন তারা সবাই। সকালে তারা নিজেদের কাজে বের হয়েছিলেন। ঢাকা রেলপথ থানার ডিউটি অফিসার এসআই সেকান্দার আলী জানান, নূর ইসলাম ও রাকিবের গ্রামের বাড়ি নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বাট্টা এলাকায়। মৃত নূরের বাবার নাম মোসলেম উদ্দিন ও রাকিবের বাবা মোঃ মোস্তফা।