এইচএসসির ফল : শতভাগ পাশ, রেকর্ড জিপিএ-৫

চলমান করোনার মহামারির কারণে দেশে প্রথমবারের মতো পরীক্ষাবিহীন এইচএসসি ও সমমানের ফলাফল ঘোষণা করা হয়েছে। যেখানে ফেল করেনি কেউ। জিপিএ-৫ পেয়েছেন আগের বছরের তুলনায় তিনগুণ শিক্ষার্থী। যার সংখ্যা রেকর্ড ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন। 

গত বছর ৩.৫৪ শতাংশ হারে জিপিএ-৫ পেয়েছিলেন ৪৭ হাজার ২৮৬ জন। এবার তা বেড়ে হয়েছে ১১.৮৩ শতাংশ। 

এর আগে আজ শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়েছিলেন। ফলের সারসংক্ষেপ তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রধানমন্ত্রীর পক্ষে তিনি এ অনুলিপি গ্রহণ করেন।

এর আগে মহামারির কারণে ২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিল করা হয়। পরে এবার জেএসসি-এসএসসির গড় ফলের ভিত্তিতে ২০২০ সালের এইচএসসির ফল প্রকাশের সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। 

মোট জিপিএ-৫ পাওয়াদের মধ্যে সাধারণ ৯টি বোর্ডে পেয়েছেন এক লাখ ৫৩ হাজার ৬১৪ জন, মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে আলিমে পেয়েছেন ৪ হাজার ৪৮ জন এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল/বিএম) জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ১৪৫ শিক্ষার্থী।