ওপেনার সাদমান ইসলাম এবং অধিনায়ক মুমিনুল হকের ব্যাটিংয়ে ধীরে সুস্থে এগোচ্ছে বাংলাদেশের ইনিংস। আর এরই মধ্যে টেস্ট ক্যারিয়ারে নিজের দ্বিতীয় অর্ধশত পূর্ণ করেছেন ওপেনার সাদমান। ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে এখন পর্যন্ত ২ উইকেটের বিনিময়ে ১১০ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা।
ওপেনার সাদমান ৫০ রানে এবং দলনেতা মুমিনুল অপরাজিত রয়েছেন ২২ রানে।
এর আগে ম্যাচের শুরুতে ব্যক্তিগত ৯ রানে কেমার রোচের বলে তামিম ইকবাল সাজঘরে ফিরলেও ক্রিজে শক্ত অবস্থান নিয়েছিলেন দুই টাইগার ব্যাটসম্যান সাদমান ইসলাম এবং নাজমুল হোসেন শান্ত। কিন্তু দারুণ কম্বিনেশনে খেলতে থাকা দুই ব্যাটসম্যানের মধ্যে হঠাৎ ভুল বুঝাবুঝি, রান আউট হয়ে ফেরেন শান্ত।
২৪তম ওভারের প্রথম বলে রানের নেশা মাথায় চাপে শান্তর। অনেকটা নিজের ইচ্ছাতেই ডাবল নিতে গিয়ে রান আউট করেন শান্তকে। আউট হওয়ার পূর্বে তিন নম্বরে খেলতে আসা ব্যাটসম্যান করেন ২৫ রান।
উল্লেখ্য, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ এখন পর্যন্ত ১৬টি টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৪টিতে ও ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১০টি। দুইটি ম্যাচ ড্র হয়েছে।





