দেশে করোনা সংক্রমণ এখনো অব্যাহত আছে, এই অবস্থায় যারা স্কুল-কলেজ খুলে দেয়ার উস্কানি দিচ্ছে তাদেরকে দেশ ও জাতির শত্রু হিসেবে আখ্যায়িত করেছেন ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু। তিনি বলেন, ‘করোনা সংকটকালে যারা স্কুল-কলেজ খুলে দেয়ার উস্কানি দিচ্ছে, ছাত্রসমাজের তো শুধু নয়-ই তারা দেশ ও জাতির শত্রু।’
বুধবার জুমে ১৪ দলীয় জোটের এক বৈঠকে আমির হোসেন আমু বলেন, ‘শেখ হাসিনার ওপর আস্থা রাখুন। তার নেতৃত্বে আমরা করোনায় বড় ক্ষতি থেকে বেঁচে গেছি। আরেকটু ধৈর্য ধরলে পুরো সংকটটি উৎরাতে পারবো।’ যে কারণে ১৫ আগস্টের ট্রাজেডি হয়েছে, সেই একই কারণে এখন ষড়যন্ত্র হচ্ছে বলেও দাবি করেন আমু।
১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর সভাপতিত্বে ও মৃণাল কান্তি দাসের সঞ্চালনায় আয়োজিত আলোচনা অংশ নেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার, জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, শ্রমিক নেতা ডা. ওয়াজেদুল ইসলাম, তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর, গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদার, গণতান্ত্রি পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, সাম্যবাদী দলের মোসায়েদ আহমেদ, ন্যাপের ইসমাইল হোসেন, সমাজতান্ত্রিক দলের আহ্বায়ক রেজাউর রশিদ খান ও গণতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি জাকির হোসেন।





